ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে আবারও পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একইসঙ্গে জ্বালানি খাতে বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেছে তারা।
মঙ্গলবার অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু সাংবাদিকদের বলেন, "জ্বালানি খাতে সরকার মোটা অঙ্কের ভর্তুকি দিচ্ছে। এ ভর্তুকির কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে। চাপ মোকাবেলায় সরকারের উচিত হবে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করা।"
তবে দাম কত এবং কবে বাড়ানো উচিৎ সে বিষয়ে বিবেচনা করে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানান।
হুয়া দু বলেন, "জ্বালানি খাতে ভর্তুকির অর্থ যেন শুধু গরিব কৃষকরা পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, এডিবি জ্বালানি খাতে একটি 'প্যাকেজ কর্মসূচি' নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
হুয়া দু বলেন, "এডিবি বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় জ্বালানি খাতে একটি প্যাকেজ প্রকল্প নিতে চায়।"
তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে এডিবির একটি পরামর্শক দল বাংলাদেশে এসেছে। তারা সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবে।
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এডিবির ওই পরামর্শক দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরামর্শক দলটির নেতৃত্ব দিচ্ছেন এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের উপ-মহাপরিচালক এস চন্দর।
উপদেষ্টা মির্জ্জা আজিজুল বলেন, "আমাদের গ্যাস সমস্যা আছে। গ্যাসের মজুদ কমে গেলে বিকল্প ব্যবস্থা করতে হবে। আর এর বিকল্প হচ্ছে কয়লা। এডিবি কয়লা খাতে বিনিয়োগ করতে চায়।"
কিন্তু এ বিষয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, "কয়লা নীতি চূড়ান্ত হওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।"
অর্থ উপদেষ্টা জানান, কয়লা নীতি প্রণয়নে বুয়েটের শিক্ষকসহ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ওই প্রতিবেদন চূড়ান্ত হলে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য তা তোলা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এমআই/১৪১৯ ঘ.
bdnews24