ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পাঠানো ৪২টি পুরাকীর্তি আগামী ২৩ ফেব্র"য়ারি দেশে ফিরছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জানিয়েছেন এই তথ্য।
সোমবার রাতে উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরাকীর্তিগুলো ঢাকায় ফিরিয়ে আনার জন্য সরকারের একটি প্রতিনিধি দল প্যারিস গেছে। ২২ ফেব্র"য়ারি পুরাকীর্তিগুলো নিয়ে এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট প্যারিস থেকে সরাসরি বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। আগামী ২৩ ফেব্র"য়ারি পুরাকীর্তিগুলো দেশে ফিরবে বলে আশা করছি।"
গাঙ্গেয় অবাহিকার পুরাকীর্তি প্রদর্শনীর জন্য গত বছর বাংলাদেশ সরকারের সঙ্গে গিমে জাদুঘরের চুক্তি হয়। সে অনুসারে মোট ১৮৭টি পুরাকীর্তি ফ্রান্সে পাঠানোর কথা ছিল।
গত ৩০ নভেম্বর প্রথম চালানে ৪২টি পুরাকীর্তি ফ্রান্সে পাঠানো হয়। বাকি ১৪৫টি পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি বিষ্ণমূর্তি খোয়া যায়।
এর পর চালানটি পাঠানো স্থগিত করে সরকার। বাতিল করা হয় প্রদর্শনীটি। পুরাকীর্তি খোয়া যাওয়ার দায় নিয়ে পদত্যাগ করেন সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী।
৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত গিমে জাদুঘরে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১০৫ ঘ.
bdnews24