পাবনা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের কুঠিপাড়া এলাকায় সোমবার দুপুরে একটি নকল ওষধু তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানা থেকে ইন্দোমক্সিন নামের বিপুল পরিমাণ অ্যান্টিবায়োটিক ক্যাপসুল উদ্ধার করা হয়েছে।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস কোম্পানির নামে দীর্ঘদিন ধরে এই সব নকল ওষুধ বাজারজাত করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
পাবনার পুলিশ সুপার এ এফ এম মাসুম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় অভিযান চালিয়ে পুলিশ ওষুধ তৈরির ছয়টি মেশিন, তিন বস্তা চালের গুড়া, আধ বস্তা ময়দা, কার্টুন, লেবেল ও বোতলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি।
তিনি জানান, এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাড়ির মালিক জালালুদ্দিনই কারখানাটি চালাতেন। ২০০২ সালে নকল ওষুধ তৈরির অভিযোগে তাকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। কারাগার থেকে বেরিয়ে তিনি আবার নকল ওষুধের ব্যবসা শুরু করেছেন।
মাসুম রব্বানী জানান, উদ্ধারকৃত ক্যাপসুলের আনুমানিক দাম ৫০ লাখ টাকা। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪১ ঘ.
bdnews24