চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)'র পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু সালেহ মো. মোফাজ্জল হকসহ তিন পুলিশ সদস্যকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রামের কোতোয়ালি থানার মেহেদীবাগ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগে সোমবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ডাকাতির মালামাল পাওয়া গেছে। ওই ঘটনায় ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরী থানায় মামলা করার পরই তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে ওই ডাকাতি হয়।
গ্রেপ্তারকৃত তিন পুলিশ সদস্যকে সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর হাকিম আবদুর রউফের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবুল হোসেন আদালতে পাঁচ দিন রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
গ্রেপ্তারকৃত অপর দুই জন হল, সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী কনস্টেবল এহসানুল ইসলাম ও গাড়িচালক কনস্টেবল মোহাম্মদ আবদুর রউফ।
তাদের কাছে নগদ দুই লাখ টাকা, একটি স্বর্ণের চেইন, দুটি চুড়ি পাওয়া গেছে বলে সিএমপির উপ-কমিশনার মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সৈয়দ ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মেহেদীবাগের আমীরবাগ আবাসিক এলাকায় উর্মি প্লাজার তৃতীয় তলার বাসিন্দা ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরীর বাসায় ডাকাতি হয়।
ডাকাতির সঙ্গে তিন পুলিশ সদস্য জড়িত অভিযোগ করে ব্যবসায়ী ফারুক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার ভোররাতে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। এর পর প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এম আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তরা ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের কাছে ডাকাতির মালামালও পাওয়া গেছে।
সহকারী কমিশনার মোফাজ্জল হককে ব্যক্তিগত অপরাধের কারণে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আকবর আলী বলেন, "কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার পুলিশ প্রশাসন নেবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/আরএ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24