২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাইমচরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত

জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের তিরাশিকান্দি এলাকায় চরের জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন ভূমিহীন কৃষক নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের তিরাশিকান্দি এলাকায় চরের জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন ভূমিহীন কৃষক নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন গিয়াস উদ্দিন হাওলাদার (৪০) নামের ওই ভূমিহীন কৃষক মারা যান। চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিরাজুল হক ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নীলকমল ইউনিয়নের ঈশানবালার বাহেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত কিছুদিন যাবৎ চরের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী কৃষকদের সঙ্গে ভূমিহীনদের বিরোধ চলছিল। ভূমিহীনরা চরের খাস জমি দখলে নিয়ে চাষ করছিল। প্রতিপক্ষ ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শিকদার ও তার পক্ষের লোকজন ওই জমির মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলছে বলেও তিনি জানান। জমি নিয়ে বিরোধ মীমাংসায় শনিবার বাহেরচর পুলিশ ফাঁড়িতে দুপক্ষের মধ্যে সালিস হয়। কিন্তু সমঝোতা হয়নি। রোববার নান্নু সর্দার ও জাকির হোসেনসহ অন্য ভূমিহীন কৃষকরা নিজেদের জমিতে পানি দেওয়ার জন্য সেচযন্ত্র চালু করতে গেলে জাহাঙ্গীর শিকদার ও তার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে তারা ভূমিহীনদের ওপর হামলা চালায়। এতে নান্নু সর্দার ও জাকির হোসেনসহ প্রায় ২৯ জন আহত হন। আহতদের মধ্যে নান্নু সরদার (৪৫), নূরুল গাজী ইসলাম(৩৫), খলিল গাজী(৩০), বাদল মিয়া(৩০), কাউসার আহমেদ(২০), সালাউদ্দিন গাজী(৩৫), মিলন হাওলাদার(২৮), মো.আলী গাজী(৫০), নাসিমা বেগম(২৬)সহ আরও নয়জন বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮২০ ঘ.