সিলেট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, এবারের বোরো ফসল ঘরে তুলতে কৃষকদের আপ্রাণ সাহায্য করতে হবে। বোরো উৎপাদন ভালো হলে চালের বাজার স্থিতিশীল হয়ে আসবে।
শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "এডিপি'র অন্তর্ভুক্ত কাজগুলো দ্রুত শেষ করতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।"
জেলা প্রশাসক হারুন-উর-রশীদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.এস.এম আবদুল খালিক, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ইসরাইল হাওলাদার প্রমুখ।
বিকেলে নগরীর একটি রেস্তোরার সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি আয়োজিত 'সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা ও সামাজিক অগ্রগতি-উত্তরণ ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
তিনি বলেন, "সিলেটে প্রাথমিক শিক্ষার হার আশঙ্কাজনক হারে কমছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমাদের বৃহত্তর সমাজ এক্ষেত্রে পিছিয়ে আছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের এখনই পরিকল্পনা নিতে হবে। ২০১৫ সালকে লক্ষ্য করে আমাদের ঘুরে দাঁড়ানোর সব প্রস্তুতি শেষ করতে হবে।"
উপদেষ্টা বলেন, "অনেক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেশিক্ষার্থীদের ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে। অথচ তাদের কোনো ধরনের জবাবদিহিতা নেই। এ ঘটনার আলোকে বলা যায় অনেক শিক্ষকের মূল্যবোধেরও অভাব রয়েছে। তা ঘোচাতে হবে।"
এফআইভিডিবির নির্বাহী পরিচালক সাফওয়ান চৌধুরীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-২ এর আহবায়ক চৌধুরী মুফাদ আহমদ, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির পরিচালক সৈয়দা রেজুওয়ানা হাসান, ড. মঞ্জুর আহমদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০০ ঘ.
bdnews24