২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনার কাইয়ুমের মৃত্যু তদন্তে কমিটি গঠন

ওয়ার্ড কমিশনার কাইয়ুমের মৃত্যুর ঘটনা তদন্তে কারা কর্তৃপক্ষ শনিবার তিন সদস্যের কমিটি গঠন করেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার কর্তব্যরত চিকিৎসকদের ভাষ্যমতে হাসপাতালে নেওয়ার পরপরই কাইয়ুমের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ার্ড কমিশনার কাইয়ুমের মৃত্যুর ঘটনা তদন্তে কারা কর্তৃপক্ষ শনিবার তিন সদস্যের কমিটি গঠন করেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার কর্তব্যরত চিকিৎসকদের ভাষ্যমতে হাসপাতালে নেওয়ার পরপরই কাইয়ুমের মৃত্যু হয়েছে। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, নারায়ণগঞ্জের কারা সুপার টিপু সুলতান এবং ঢাকা কারাগারের ডেপুটি জেলার আবু তালেব। মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনদিনের মধ্যে তাদের রির্পোট জমা দিতে বলা হয়েছে। কারাগারের ভেতরে ওয়ার্ড কমিশনারকে কোনো রকম নির্যাতন করা হয়েছে কিনা মূলত সেই বিষয়টি তারা তদন্ত করবেন। এছাড়া চিকিৎসায় কোনো গাফিলতি করা হয়েছে কিনা সে বিষয়টিও দেখা হবে। রোববার ময়না তদন্তের রির্পোট পাওয়া যেতে পারে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এরপরই পুরো বিষয়টি পরিস্কার হয়ে যাবে। উপ কারা মহাপরিদর্শক শনিবার দুপুরে এ বিষয়ে খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সামসুল হায়দার ছিদ্দিকী প্রায় একঘন্টা হাসপাতালে অবস্থান করেন। তিনি কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হকের সঙ্গে কথা বলেন এবং কাগজপত্র দেখেন। এছাড়া ওয়ার্ড কমিশনার কাইয়ুমকে হাসপাতালের যে ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল তিনি সেখানেও যান এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য নেন। এ প্রসঙ্গে কারা উপ মহাপরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ার্ড কমিশনারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তাকে এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কারা কর্মকর্তা মেজর ছিদ্দিকী বলেন,"মৃত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার কথা নয়। তার মানে জরুরি বিভাগে নেওয়ার পর তিনি জীবিত ছিলেন।" শুক্রবার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সামসি আরা সুইটি শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তার শ্বাসপ্রশ্বাস চলছিল কিন্ত তিনি অজ্ঞান ছিলেন। ধারণা করা হচ্ছিল তার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আমাদের জরুরি বিভাগে এসব রোগীর চিকিৎসা দেওয়ার ব্যবস্থা না থাকায় তাকে ভর্তি করে তাড়াতাড়ি এক নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেই।" হাসপাতালের এক নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে কর্তব্যরত ছিলেন ডা. কামরুজ্জামান। তিনি শনিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়ার্ডে নেওয়ার পরে পরীক্ষা করে আমরা তাকে মৃত পেয়েছি।" এদিকে আগামী সোমবার কাফরুলের বাসায় কাইয়ুম খানের কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার আত্মীয় আব্দুল বাতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা কাইয়ুমের মৃত্যুর তদন্ত দাবি করেছি। এরপর কী করবো এখনও সে বিষয়ে কিছু ঠিক হয়নি। পারিবারিকভাবে চিন্তা-ভাবনা চলছে।" এদিকে পৃথক বিবৃতিতে কাইয়ুম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির একাংশের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ও দলের অপর অংশের অস্থায়ী মহাসচিব মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ, মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম। তারা পৃথক শোকবাণীতে মৃতের আত্মার মুক্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২১৪৬ঘ.