ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি বক মারা যাওয়ায় সেটি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার মৃত বকটি পরীক্ষা করে দেখা হবে। এদিকে চাঁদপুর, নীলফামারী ও খুলনায় কাক ও মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নীলফামারীতে কাকে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
সাভার প্রতিনিধি জানান, গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভেতর শুক্রবার সন্ধ্যায় একটি সাদা বক মারা গেছে।
সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদুল আলম জানান, "একটি বক মরার খবর পেয়েছি। দেশে কাকের মধ্যে বার্ড ফ্লু সংক্রমিত হয়েছে। কিন্তু বকও সংক্রমিত হয়েছে কি না তা আমার জানা নেই।"
বার্ড ফ্লু র্যাপিড রেন্সপন্স টিমের (আরআরটি) সদস্য ডা. শহিদুল্লাহ কাওসার বলেন, "বক আমাদের দেশি পাখি হলেও বিদেশি পাখির সংস্পর্শে এসে বার্ড ফ্লু আক্রান্ত হতে পারে। শনিবার সকালে আমরা মৃত বকটি পরীক্ষা করে দেখব।"
চাঁদপুর প্রতিনিধি জানান, শহরের আবহাওয়া অফিস, নাজির পাড়া, টিঅ্যান্ডটি অফিস এলাকায় ১০/১২টি কাক মরে পরে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন এগুলো মাটিতে পুঁতে ফেলেছে।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তা বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিভিন্ন স্থানে কাক মরার খবর শুনেছি। তবে সেগুলো বার্ড ফ্লুতে মারা গেছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।"
তিনি বলেন, "ঢাকা থেকে আমাদেরকে জানানো হয়েছে, মুরগি মারা গেলে এবং বার্ড ফ্লু সংক্রমণের সন্দেহ দেখা দিলে মৃত মুরগির নমুনা ঢাকা পাঠাতে হবে। তবে কাক মারা গেলে ঢাকায় না পাঠিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতে ফেলতে হবে। তাই আমরা মৃত কাক পরীক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছি না।"
নীলফামারী প্রতিনিধি জানান, গত ৩ দিনে নীলফামারী শহরের ৪টি এলাকায় কমপক্ষে ১২টি মরা কাক মরে পড়ে থাকতে দেখা গেছে। এগুলো বার্ড ফ্লুতে মারা গেছে বলে জানিয়েছেন জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী।
তিনি বলেন, "হাঁস-মুরগি কবুতরের পাশাপাশি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কাকও মারা যাচ্ছে। শহরের সবুজপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, কলেজপাড়া, হাড়োয়া ও জুম্মাপাড়া এলাকায় গত ৩ দিনে ১২টি মরা কাক মাটিচাপা দিয়েছে এলাকাবাসী।"
তিনি জানান, গত বুধবার সবুজপাড়ায় এবং বৃহস্পতিবার প্রগতিপাড়ায় মারা যাওয়া দুটি কাক পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কোনো এলাকায় যে কোনো ধরনের মরা পাখি পড়ে থাকতে দেখলে তা পলিথিন ব্যাগে ভরে মাটির গভীরে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।
খুলনা প্রতিনিধি জানান, গত কয়েকদিনে নগরীর বিভিন্ন স্থানে শতাধিক মুরগি ও কাক মারা যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে। জেলা পশু সম্পদ কার্যালয় মৃত কাকের নমুনা ঢাকার পশু রোগ গবেষণা কেন্দ্রে পাঠিয়েছে। তবে শুক্রবার পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. ওবায়দুল করীম জানান, গত মঙ্গলবার থেকে নগরীর ডিসি অফিস ও এসপি অফিস, হাদিস পার্ক, নজরুল নগর, ইকবাল নগর, বসুপাড়া ও দৌলতপুর এলাকায় অন্তত ৪৫টি কাক মরে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া কয়েকটি স্থানে শতাধিক মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
তিনি জানান, জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে পাওয়া একটি কাক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/০০০০ ঘ.
bdnews24