২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মাসব্যাপী তাঁত বস্ত্রমেলা উদ্বোধন

পাট ও বস্ত্র উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, বর্তমানে দেশে রপ্তানিমুখী তৈরি পেশাক শিল্পে বছরে ১২ কোটি গজ চেক বস্ত্রের চাহিদা থাকলেও অভ্যন্তরীণভাবে সরবরাহ করা হচ্ছে মাত্র এক কোটি গজ বস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাট ও বস্ত্র উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, বর্তমানে দেশে রপ্তানিমুখী তৈরি পেশাক শিল্পে বছরে ১২ কোটি গজ চেক বস্ত্রের চাহিদা থাকলেও অভ্যন্তরীণভাবে সরবরাহ করা হচ্ছে মাত্র এক কোটি গজ বস্ত্র। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনীর টেক্সটাইল ফ্যাসিলিটিজ সেন্টার চত্তরে মাসব্যাপী তাঁত বস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইকবাল এ কথা বলেন। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ তাঁত বোর্ড এ মেলার আয়োজন করে। উপদেষ্টা বলেন, "এ শিল্পের সঙ্গে জড়িতদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করে চেক বস্ত্রের উৎপাদন বৃদ্ধি এবং তা বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।" দেশে-বিদেশি বস্ত্রের অনুপ্রবেশ রোধে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। মেলায় ১২০টি স্টলে রয়েছে মিরপুরের বেনারসী কাতান শাড়ী, সোনারগাঁওয়ের জামদানী শাড়ী, টাঙ্গাইলের তাঁতের শাড়ী, রাজশাহী সিল্ক, পাবনার সুতী শাড়ী ও লুঙ্গি, রুহিতপুরের লুঙ্গি, সিলেটের মনিপুরী শাড়ী, কুমিল্লার খাদি, রাঙ্গামাটির চাদর, নরসিংদীর লুঙ্গিসহ বিভিন্ন অঞ্চলের তাঁত বস্ত্রের সমাহার। বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান, নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, চৌমুহনী পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, বাংলাদেশ তাঁতী সমিতির সভাপতি মো. হানিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৬ ঘ.