২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি পুলিশিং জনগণ ও পুলিশের দূরত্ব কমিয়ে আনবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, "শত বছরের পুরনো ধ্যান ধারণার বাইরে এসে মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে পুলিশ বাহিনীকে দাঁড়াতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

মৌলভীবাজার, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, "শত বছরের পুরনো ধ্যান ধারণার বাইরে এসে মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে পুলিশ বাহিনীকে দাঁড়াতে হবে।" তিনি বলেন, "ওয়ান ইলেভেনের পর আমরা পজেটিভ চিন্তা করতে শিখেছি। জনগণের সহযোগিতা পেলে পুলিশ সম্পর্কে মানুষের ধারণা ও চিন্তা পাল্টে যাবে বলে আমার বিশ্বাস। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আপনার-আমার দূরত্ব কমিয়ে আনা সম্ভব।" আইজিপি শুক্রবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশের জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মৌলভীবাজারের পুলিশ সুপার এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি আবদুস সালাম ও জেলা প্রশাসক মু. আলকামা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মাহমুদুর রহমান। কমিউনিটি পুলিশের উদ্দেশে আইজিপি বলেন, "আপনাদেরকে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ছোটখাট ঘটনার কারণে মানুষকে মামলা মোকাদ্দমায় জড়াবেন না। সিলেট অঞ্চলের মানুষ বিত্তশালী কিন্তু তারা মামলা পাল্টা মামলায় জড়িয়ে পড়েন। মামলা পাল্টা মামলা নিয়ে এখানকার লোকজনের আগ্রহ বেশী। এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।" অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা জজ, জেলা যৌথ বাহিনীর কমান্ডার লে. কর্নেল জাহিদ হাসান, সিলেট র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস, জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ জেলার ৬টি উপজেলার কমিউনিটি পুলিশের কয়েক হাজার নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫৪ ঘ.