২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে: আশাবাদ পিনাক রঞ্জনের

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশে শিগগিরই গণতন্ত্র ফিরে আসবে। রোডম্যাপ অনুযায়ী যাতে সময় মত নির্বাচন হয় সে জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে বলেও তিনি আশা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশে শিগগিরই গণতন্ত্র ফিরে আসবে। রোডম্যাপ অনুযায়ী যাতে সময় মত নির্বাচন হয় সে জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে বলেও তিনি আশা করেন। শুক্রবার চট্টগ্রামের ভারতীয় হাই কমিশন কার্যালয়ে সমকালীন চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি বিশ্বাস করি বর্তমান সরকার নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন শেষ করবে। জনগণ তাদের পছন্দমত দলকে নির্বাচিত করবে।" বাংলাদেশে মানবাধিকার সর্ম্পকিত এক প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় সব সরকারের উচিত নিজস্ব সংবিধানের বিধি অনুসরণ করে মানবাধিকার নিশ্চিত করা।" বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এ বিষয়টি আমার জানা নেই। তবে বাংলাদেশ মানবাধিকার কমিশন গঠন করেছে যা ইতিবাচক।" ভারতীয় হাই কমিশনার এসময় বাংলাদেশ-ভারত অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ২০০৬ সাল থেকে বাংলাদেশকে ৩৬ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছে ভারত। সিডরের ক্ষয়ক্ষতির পরে ভারত সরকার পাঁচ লাখ মেট্রিক টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে পিনাক রঞ্জন বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভাল।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে আগের চেয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ বেড়ে প্রায় তিন'শ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। যার ফলে দু দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। দুই দেশের বন্দী বিনিময় চুক্তি না থাকলেও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সন্ত্রাসীদের আদান প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। ভারতীয় হাইকমিশনার বলেন, উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবীদের বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর এবং সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন। সমকালীন চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার সুব্রত ভট্টাচার্য বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর হাইকমিশনারের সহধর্মিনী রাধা রাণী চক্রবর্তী প্রদীপ জ্বালিয়ে ১৫দিন ব্যাপী সমকালীন এই প্রদর্শনীর উদ্বোধন করেন। চট্টগ্রামের ২৩জন শিল্পীর ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শর্নীতে। আগামী ২২ ফেব্র"য়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯২৩ ঘ.