২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে জলদস্যুদের হামলায় জেলে নিহত, ১৩ দস্যুকে গণপিটুনি

কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে সাগরে বৃহস্পতিবার জলদস্যুদের হামলায় এক জেলে নিহত হয়েছে। ওই সময় জেলেরা সংগঠিত হয়ে ১৩ দস্যুকে আটক করে পুলিশে তুলে দেয়। গণপিটুনিতে আহত ১৩ জলদস্যুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে সাগরে বৃহস্পতিবার জলদস্যুদের হামলায় এক জেলে নিহত হয়েছে। ওই সময় জেলেরা সংগঠিত হয়ে ১৩ দস্যুকে আটক করে পুলিশে তুলে দেয়। গণপিটুনিতে আহত ১৩ জলদস্যুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জেলে মোহাম্মদ আজাদ (২৫) মহেশখালী উপজেলার সুবর্ণচর এলাকার মোহাম্মদ মুস্তাফিরের ছেলে। জেলেদের উদ্ধৃতি দিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার উপ-পরির্দশক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহেশখালী চ্যানেলের সোনাদিয়া চর সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরার সময় একটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জন জলদস্যু হানা দেয়। জলদস্যুদের গুলিতে আজাদ নিহত হয়। এক পর্যায়ে জেলেরা সংগঠিত হয়ে দস্যুদলের ওপর পাল্টা হামলা চালায় জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, জেলেরা ১৩ জলদস্যুকে ধরে পিটুনি দিয়ে ঘাটে এনে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত ১৩ জলদস্যুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে, মো. দেলোয়ার(২৫), মো. শাহজাহান(২৩), মোকছেদ আলী(২৫), জামাল হোসেন(২২), সরওয়ার (২৩), আবদুর রহিম(২১), টিপু(২৩), মো. বোরহান(২০), টিপু(২২), রুহুল কাদের(২৪), বদিউল আলম(২২), নুরুচ্ছফা(২৫) ও মো. সাইফুল(২৩)। মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন হাসপাতালে ক্যাজুয়ালটি বিভাগে রয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার জানান, ওই ঘটনায় মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৪২ ঘ.