২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে ট্রেন-কার সংঘর্ষে নিহত ব্যক্তি নৌবাহিনীর কর্মকর্তা

রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে বুধবার সন্ধ্যায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি লেফটেন্যান্ট কমান্ডার হারুন হাফিজ করিম খান। নৌবাহিনীর ওই কর্মকর্তা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 05:19 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে বুধবার সন্ধ্যায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি লেফটেন্যান্ট কমান্ডার হারুন হাফিজ করিম খান। নৌবাহিনীর ওই কর্মকর্তা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এস আই) আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, "তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় না পাওয়ায় প্রথমে একটি অপমৃত্যু মামলা হয়েছিল। পরে পরিচয় জানা গেলে বোপোরোয়াভাবে গাড়ি চালানো, সরকারি মালামালের ক্ষতিসাধন, এবং দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগে হারুন হাফিজের বিরুদ্ধে এস আই জাকির হোসেন একটি মামলা করেন।" নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা উপপরিদর্শক জাকির হোসেন বলেন, "বুধবার দুর্ঘটনার পর নৌবাহিনীর এক কর্মকর্তা এসে তাকে সনাক্ত করেন। ওই কর্মকর্তা জানান, হারুন হাফিজ অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি তার নিজের এবং সপরিবারে তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় থাকতেন।" কমলাপুর রেলস্টেশন থেকে বুধবার সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়া ময়মনসিংহ-জামালপুরগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সঙ্গে বনানী রেল ক্রসিংয়ে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। বিমানবন্দরের দিক থেকে আসা প্রাইভেটকারটি রংসাইড দিয়ে ব্যারিকেড অতিক্রম করে ক্রসিংয়ে উঠে আটকে যায়। ঘটনাস্থলেই হারুন হাফিজ মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এসএনডি/এমএইচবি/২২৫৪ ঘ.