ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা গবেষণার জন্য সদ্য প্রয়াত চিত্রশিল্পী দেবদাস চক্রবর্তীর মরদেহ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল কলেজে দান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের সদস্যরা তার মরদেহ ইব্রাহিম মেমোরিয়াল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
সকাল সাড়ে ১০ টায় শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তাকে 'গার্ড অব অনার' দেওয়া হয়।
সকালে দেবদাস চক্রবর্তীর বড় ছেলে গৌতম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের গবেষণার জন্য দেওয়া হবে।"
সকাল ১০টায় দেবদাস চক্রবর্তীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রাখা হয়। ইনস্টিটিটের পরিচালক অধ্যাপক আব্দুস শাকুর শাহ ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন অ্যার্টনি জেনারেল ফিদা এম কামাল, অধ্যাপক আনিসুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর, বঙ্গবন্ধু সংস্কৃতি পরিষদের সভাপতি কাজী আবু জাফর সিদ্দিকী, ম. হামিদ, শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, আমিনুল ইসলাম, কালীদাস কর্মকার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, অভিনেতা শংকর শাহওজালাল, সাংবাদিক শাহরিয়ার কবির, রামেন্দু মজুমদার প্রমুখ।
শিল্পী হাসেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের শিল্প-সংস্কৃতি, চিত্রকলা ও মুক্তিযুদ্ধে দেবুদার অসামান্য অবদান রয়েছে। সমগ্র দেশ তার কাছে ঋণী হয়ে থাকবে।"
আসাদুজ্জামান নূর বলেন, "মানবতা ও স্বাধীকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। মুক্তিযুদ্ধের সময় তার 'রঙ-তুলি' হাতিয়ার হয়ে উঠেছিল।"
মঙ্গলবার বিকেলে শিল্পী দেবদাস চক্রবর্তী ঢাকার উত্তরায় নিজ বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
অসামান্য পোস্টার 'বাংলার হিন্দু/বাংলার খৃষ্টান/বাংলার বৌদ্ধ/বাংলার মুসলমান/আমরা সবাই বাঙালি' নকশা করে মুক্তিযুদ্ধে অবদান রাখেন দেবদাস চক্রবর্তী। ১৯৯০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
চারুকলা ইন্সটিটিউট ও যশোর এস এম আর্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস দেবদাস চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তার প্রতি শদ্ধা জানাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রোববার বিকেল ৪টায় চারুকলার বকুলতলায় 'স্মরণ সভা' করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/একেএম/আরএ/এসএনডি/১৯০৭ ঘ.
bdnews24