ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
উপ-মহা কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিকেলে এনায়েতুর রহমানের জামিনের কাগজপত্র হাইকোর্ট থেকে কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছে। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি মুক্তি পান।"
শুল্কমুক্ত কোটায় আমদানিকৃত গাড়ি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে গত বছরের ৬ মার্চ রাতে এনায়েতুর রহমান বাপ্পীকে আটক করে র্যাব।
এর আগের দিন রাতে র্যাব-২ এর সদস্যরা কারওয়ান বাজারের ইউটিসি বিল্ডিংয়ের বেজমেন্ট থেকে এনায়েতুর রহমান বাপ্পীর প্রায় ৩ কোটি টাকা দামের বিলাসবহুল একটি হামার গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১১-৬১৯৫) জব্দ করে। এনায়েতুর রহমান তখন র্যাবকে জানিয়েছিলেন, গাড়িটি সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের কাছ থেকে তিনি নিয়েছেন।
র্যাব সদস্যরা হারুনুর রশীদ ও এনায়েতুর রহমানকে ৬ মার্চ বেলা ১১টার মধ্যে গাড়ির কাগজপত্র নিয়ে র্যাব-২ এর কার্যালয়ে যেতে বলেন। পরদিন বেলা ২টার দিকে হারুনুর রশীদ ও বিকেল সাড়ে ৩টার দিকে এনায়েতুর রহমান বাপ্পী মগবাজারে র্যাব-২ এর কার্যালয়ে গেলে তাদের আটক করে র্যাব সদস্যরা।
শুল্কমুক্ত কোটায় ২০০৫ সালে হারুনুর রশীদ হামার গাড়িটি বিদেশ থেকে এনে এনায়েতুর রহমান বাপ্পীর কাছে হস্তান্তর করেন। শুল্কমুক্ত কোটায় আনা গাড়ি ৩ বছরের আগে হস্তান্তরের নিয়ম নেই। কিন্তু বেআইনিভাবে হস্তান্তর করার অপরাধে দু'জনকেই আটক করা হয়।
সাবেক সাংসদ হারুনুর রশীদ এখনও কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএআর/এমএ/১৮১৬ঘ.
bdnews24