ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে বুধবার সন্ধ্যায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে গাড়ির চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর রেলক্রসিংয়ের উভয়দিকের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে গুলশান, বনানী ও মহাখালীসহ আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজট দেখা দেয়।
রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়া ময়মনসিংহ-জামালপুরগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সঙ্গে বনানী রেল ক্রসিংয়ে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।"
ট্রাফিকের উপ পুলিশ কমিশনার (উত্তর) মোরশেদ আলম সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেন আসার আগে রেল লাইনের ওপরে দিয়ে গাড়ি চলাচল বন্ধের জন্য ব্যারিকেড দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরের দিক থেকে আসা একটি প্রাইভেটকার রংসাইড দিয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। গাড়িটি রেল ক্রসিংয়ে উঠে আটকে যাওয়ার পরপরই ব্রহ্মপুত্র এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।"
ঘটনাস্থলেই গাড়ি চালক মারা যান বলে জানান মোরশেদ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএনডি/এমএইচবি/২০২০ ঘ.
bdnews24