২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ-ভাংচুরের মুখে কারমাইকেল কলেজ বন্ধ ঘোষণা

বিক্ষোভ-ভাংচুরের মুখে বুধবার রংপুর কারমাইকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বুধবার সকালে বিক্ষোভ শুরু করে ওই কলেজের একদল শিক্ষার্থী। ছাত্র শিবিরের নেতা-কর্মীরাই ওই বিক্ষোভ সংগঠিত করে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 01:01 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

লিয়াকত আলী বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রংপুর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভ-ভাংচুরের মুখে বুধবার রংপুর কারমাইকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে বুধবার সকালে বিক্ষোভ শুরু করে ওই কলেজের একদল শিক্ষার্থী। ছাত্র শিবিরের নেতা-কর্মীরাই ওই বিক্ষোভ সংগঠিত করে। তারা কলেজের বিভিন্ন ভবনসহ শিক্ষকদের বাসায়ও ব্যাপক ভাংচুরও চালায়। দুপুরের পর পুলিশ ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে প্রায় একশ ছাত্রকে আটক করা হয়। বিকালে এক জরুরি বৈঠকে কলেজ অনিদিষ্টকাল বন্ধের সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। গত ২ ফেব্র"য়ারি রংপুরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রংপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার সংক্ষেপে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ অনুমোদন করেন। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, আলাদা বিশ্ববিদ্যালয় নয়, কারমাইকেল কলেজকেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মিছিল বের করে। এতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপস্থিতিই বেশি ছিল। পরে ১১টার দিকে তারা মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। ওই সময় কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় রাকিব, বিপ্লবের নেতৃত্বে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা কলেজের পেছন দিকে শহরের মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সেখান থেকে পুলিশ রাকিব, বিপ্লব, সামাদ ও গোলাম মর্তুজা নামে চার শিবির কর্মীকে আটক করে। এর পর শিবির নিয়ন্ত্রিত ওসমানী ছাত্রাবাস থেকে সশস্ত্র শিবির কর্মীরা কলেজের প্রশাসনিক ভবন, গ্রন্থাগার ভবন, ডাকঘর, বিদ্যুত উপ কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এক পর্যায়ে তারা অধ্যক্ষ দ্বীপ নাথ দাসের বাসায় হামলা চালায়। বাসার মালপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময়ে গণিত বিভাগের অধ্যাপক ড. এম আর হাফিজার রহমান সেলিমের বাড়িতেও হামলা হয়। অধ্যাপক সেলিমের মেয়ে কলেজছাত্রী ফাতেমা হাফিজ সাংবাদিকদের বলেন, "শিবিরকর্মীরা সব মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।" অধ্যাপক সেলিম বলেন, বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবির সঙ্গে আমার বাড়িতে তাণ্ডব চালানোর কী সম্পর্ক, তা আমার বোধগম্য নয়। ছাত্র শিবিরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, হামলাকারীরা একটি বিশেষ ছাত্র সংগঠনের সদস্য। দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সংঘাময় ক্যাম্পাসে এনটিভির লিটু আনামের ক্যামেরা ভাংচুর করা হয়। শিবিরকর্মীরা লাঞ্ছিত করেন ইত্তেফাক প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী, সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, প্রথম আলোর আলোকচিত্রী জাহিদ হোসেন, যুগান্তরের আলোকচিত্রী শাহিদুর রহমান সাঈদকে। আড়াইটার দিকে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ক্যাম্পাসে ঢুকে লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ওসমানী ছাত্রাবাসে ঢুকে গেটে তালা মেরে দেয়। তখন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশ তালা ভেঙে ওই ছাত্রাবাসে ঢুকে প্রায় একশ ছাত্রকে আটক করে। এদের অধিকাংশই শিবিরকর্মী বলে শিক্ষার্থীরা জানায়। বেলা ৩টার দিকে অধ্যক্ষ দ্বীপনাথ দাসসহ শিক্ষকরা ওসমানী ছাত্রাবাসে আসেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, যেভাবে আমারসহ অন্যান্য শিক্ষকের বাসায় হামলা হয়েছে, তা নারকীয়। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে। বিকেল সাড়ে ৪টায় কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অধ্যক্ষ দ্বীপনাথ উপস্থিত সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সব ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষ সাংবাদিকদের জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চালানোর প্রক্রিয়া চলছে। হামলা ও ভাংচুরের জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করে সচেতন শিক্ষার্থীদের পক্ষে বুধবার বিকালে সংবাদ সম্মেলন ডাকা হয়। সম্মেলনে কারমাইকেল কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে পলাশ কান্তি নাগ বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের ঘোষণায় যখন রংপুরবাসী উৎফুল্ল, তখন ছাত্র শিবির পরিকল্পিতভাবে এ তাণ্ডব চালিয়েছে। দলীয় স্বার্থ আদায়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ভুল পথে চালনার চেষ্টা চালাচ্ছে। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মো. আফজাল, সিপিবি সভাপতি শাহাদত হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু কারমাইকেল কলেজে হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৮৪৮ ঘ.