ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সদ্য প্রয়াত চিত্রশিল্পী দেবদাস চক্রবর্তীর শেষকৃত্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সকালে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ও পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। বারডেমের হিমঘরে তার মরদেহ রাখা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিল্পী দেবদাস চক্রবর্তী ঢাকার উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
অসামান্য পোস্টার 'বাংলার হিন্দু/বাংলার খৃষ্টান/বাংলার বৌদ্ধ/বাংলার মুসলমান/আমরা সবাই বাঙালি' নকশা করে মুক্তিযুদ্ধে অবদান রাখেন দেবদাস চক্রবর্তী। '৯০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। পঞ্চাশের দশকে ঢাকাকে কেন্দ্র করে এ দেশের চিত্রকলার যে নতুন বিকাশ ঘটে দেবদাস চক্রবর্তী সেই ধারার একজন অগ্রণী পুরুষ। '৪৮ সালে কলকাতা আর্ট কলেজে ভর্তি হলেও রাজনৈতিক কারণে তাকে কলেজ ছাড়তে হয়। পরে তিনি ঢাকা আর্ট কলেজ (বর্তমানে চারুকলা ইনস্টিটিউিট) এ ভর্তি হন। আর্ট কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র হিসেবে দেবদাস শিল্পচার্য জয়নুল আবেদীন, সফিউদ্দিন আহমদ, কামরুল হাসান প্রমুখ শিক্ষকের সাহচার্যে বেড়ে উঠেন।
১৯৫৬ সালে দেবদাস চক্রবর্তী চারুকলা ইনস্টিটিউট থেকে ডিগ্রি লাভ করে পোলিশ সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ছাপচিত্রের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন।
ছাত্রাবস্থায় দেবদাস চক্রবর্তী বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেবদাস ১৯৫৮ সাল থেকে '৭০ সাল পর্যন্ত তৎকালীন কৃষি মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের সিনিয়র ডিজাইনার হিসেবে কাজ করেন। ১৯৭০-৮০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে শিক্ষকতা করেন। '৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শিল্পী দেবদাস মুজিব নগরের প্রবাসী সরকারের তথ্য অধিদপ্তরের শিল্পী কামরুল হাসানের অধীনে ডিজাইনার হিসেবে কাজ করেন।
দেবদাসের জন্ম শরিয়তপুরে। মৃত্যুকালে তিনি দুই ছেলে গৌতম ও রুশো, আত্বীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চারু কলা ইন্সটিটিউটের ছাত্র-শিক্ষক এবং যশোর এস এম আর্ট কলেজের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস শিল্পী দেবদাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১২০০ ঘ.
bdnews24