গাজীপুর, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক গাজীপুরের (কালীগঞ্জ) সাবেক সাংসদ ফজলুল হক মিলনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কালীগঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে।
সোমবার রাতে কালীগঞ্জের ব্যবসায়ী আজাদ নূরউদ্দিন বাবুল মামলাটি দায়ের করেন।
চাঁদাবাজিতের মিলনকে সহযোগিতার অভিযোগে কালীগঞ্জ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নয় নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরা হলেন- লাভলু, বাবলু, শহিদুল্লা, আলমগীর হোসেন স্বপন, মিঠু পাঠান, মাসুদ রানা, জাকির, ফরিদ ও আমজাদ হোসেন স্বপন।
মামলার এজাহারে বলা হয়, ফজলুল হক মিলন বাদীসহ চারজন খাদ্য ব্যবসায়ীর কাছে ২০০৫ সালের জুন মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ডিলারশিপ বাতিলের হুমকি দেওয়া হয়।
তাই বাধ্য হয়ে তারা ২০০৫ সালের ২ জুলাই পূবালী ব্যাংকের কালীগঞ্জ শাখা থেকে টিটি করে ২৬ লাখ টাকা ঢাকায় একই ব্যাংকের শান্তিনগর শাখায় ফজলুল হক মিলনের ব্যক্তিগত চলতি হিসাব (নম্বর-১৫৩০) পাঠান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, "ব্যবসায়ীরা যে টিটি করে মিলনের ব্যাংক হিসাবে টাকা পাঠিয়েছেন এজাহারের সঙ্গে তার রশিদ দাখিল করেছেন। ব্যাংকের যে হিসাবে (নং-১৫৩০) টাকা জমা দেওয়া হয়েছে সেটি ফজলুল হক মিলনের কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।"
বর্তমানে কারাগারে আটক ফজলুল হক মিলনের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাত, শীতলক্ষ্যা নদী থেকে বালু তুলে বিক্রি করা এবং চাঁদাবাজির অভিযোগে কালীগঞ্জ ও জয়দেবপুর থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24