চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে করা পৃথক দুটি মামলায় সাবেক সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর জামিন নামঞ্জুর হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতের বিচারক মজনুল আহসান শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। এ সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, রাঙ্গুনিয়া থানায় দায়ের করা চাঁদাবাজির পৃথক দুটি মামলায় আসামীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। নিম্ন আদালতে এই দুটি মামলার বিচার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এই দুটি মামলার তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে সাবেক সাংসদসহ ১৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। একটি মামলায় নয় জনকে (রাজা মিয়ার দায়ের করা) এবং অপরটিতে সাতজনকে (মুছার দায়ের করা) অভিযুক্ত করা হয়েছে।
জরুরি অবস্থা জারির পর রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকার রাজা মিয়া এবং ইছাখালী এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ মুছা সাবেক সাংসদকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১২২ ঘ.
bdnews24