চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, অতীতে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা বললেও কার্যকর কিছু করেনি। এখন পুলিশের জন্য কিছু করার সময় এসেছে।
তিনি বলেন, "বর্তমান সময়েও যে সকল দারোগা বা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কথা শুনবেন না এবং দুর্নীতিতে লিপ্ত থাকবেন তাদের পুলিশে দরকার নেই।"
মঙ্গলবার বিকালে নগরীর নন্দনকানন এলাকায় পুলিশ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
তিনি নগরীর অভ্যন্তরীণ অপরাধ দমনে পুলিশ বাহিনীকে র্যাব ও যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
নূর মোহাম্মদ বলেন, "পুলিশ জনগণের কল্যাণের জন্য নিবেদিত। তাদের প্রতি জনগণের দীর্ঘদিনের নেতিবাচক ধারণা পাল্টাতে হবে এবং এই লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।"
তিনি বলেন, ঔপনিবেশিক আইন দ্বারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সম্ভব নয় সে কারণে ১৮৬১ সালের পুলিশ আইন সংস্কার করা হচ্ছে।
চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মনজুর কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার এম আকবর আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল আহসান উপস্থিত ছিলেন।
এরপর আইজিপি নূর মোহাম্মদ সিএমপির সম্মেলন কক্ষে চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপির কর্মকর্তাদের সঙ্গে আইন শৃংখলা নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি চট্টগ্রামের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির অবনতি বিশেষ করে ছিনতাই, ডাকাতি এবং অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্মে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এসব অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।
বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ কমিশনার, ১১ জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম পৌঁছার পর দুপুরে আইজিপি দামপাড়া পুলিশ লাইনে একটি টেনিস গ্রাউন্ড উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24