২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সংস্কার পিছিয়ে যেতে পারে

পুলিশ প্রশাসনকে 'গণমুখী ও যুগোপযোগী' করতে 'বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭' এর খসড়া প্রস্তুত হয়েছে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ প্রশাসনকে 'ঢেলে সাজাতে' প্রণীত 'বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭' এর খসড়ার বিষয়ে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মতামত নিতে বলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত সপ্তাহে ওই নির্দেশের কারণে খসড়াটি আইনে পরিণত করার প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন 'ক্র্যাশ প্রোগ্রামের' মাধ্যমে তারা দ্রুত মতামত যাচাইয়ের উদ্যোগ নিয়েছেন। পুলিশ প্রশাসনকে যুগোপযোগী করতে ইউএনডিপি, ইউএসএআইডি ও ইউরোপীয় কমিশনের অর্থায়নে ২০০৫ সালে পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) কাজ শুরু হয়। এ প্রকল্পের মেয়াদ ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত। এক কোটি ৬০ লাখ ডলারের ওই প্রকল্পেরই একটি অংশ 'বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭'। আইনের খসড়া তৈরিতে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক পুলিশপ্রধান এ এস এম শাহজাহানের নেতৃত্বে একটি কমিটি হয়। প্রায় সাত মাস আগে কমিটি আইনের খসড়া করে মন্ত্রণালয়ে জমা দেয়। খসড়াটি ইংরেজিতে ছিল বলে পুলিশ সদর দপ্তর সেটি বাংলায় পাঠাতে নির্দেশ দেয়। প্রায় দু'মাস আগে বাংলায় খসড়াটি পাঠানো হয়েছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদনের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠায়। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় গত সপ্তাহে খসড়ার বিষয়ে তৃণমূল সাধারণ মানুষের মতামত নেওয়ার নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশনার কথা জানিয়ে গত সপ্তাহে পিআরপি প্রকল্পে চিঠি পাঠায়। পিআরপির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে খসড়া আইনটি নিয়ে বিভাগ, জেলা ও উপজেলাসহ তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা করে সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য আমাদের বলা হয়েছে। সাধারণ মানুষের মতামত নিয়ে তা লিখিত আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার জন্যও ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়।" এন বি কে ত্রিপুরা বলেন, "বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে এভাবে জনমত যাচাইয়ের উদাহরণ নেই। তারপরও আমরা তৃণমূল পর্যায়ে মতবিনিময়ের প্রস্তুতি নিতে শুরু করেছি। এজন্য এখন কর্মপরিকল্পনা নির্ধারণ করছি।" তৃণমূল পর্যায় থেকে দ্রুত মতামত নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে- জানিয়ে তিনি বলেন, "স্বাভাবিকভাবে এজন্য দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আমরা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে অতি স্বল্প সময়ের মধ্যে কাজটি করব। আনুষ্ঠানিক কাজ শুরুর তিন সপ্তাহ থেকে এক মাসের মধ্যেই মতামত যাচাইয়ের কাজ শেষ হবে বলে আশা করছি।" তবে কবে থেকে মতামত নেওয়ার কাজটি শুরু হবে তা এখনো ঠিক করতে পারেনি পিআরপি। তৃণমূল পর্যায়ে মতামতা নিতে গিয়ে সংস্কার কার্যক্রম পিছিয়ে যাবে কী না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন ও পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালের মধ্যেই খসড়া প্রস্তাবটি আইনে পরিণত করার ব্যাপারে তারা দৃঢ় আশাবাদী। উপদেষ্টা এম এ মতিন বলেন, "নতুন পুলিশ আইনের খসড়া নিয়ে আলোচনার জন্য আমরা চলতি মাসেই একটি পর্যালোচনা বৈঠকে বসব। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রস্তাবটি বর্তমান সরকারের মেয়াদকালেই আইনে পরিণত হবে বলে আমরা দৃঢ় আশাবাদী।" পুলিশের মহা পরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পুলিশের সংস্কার কর্মসূচিতে শুধু নতুন আইন প্রণয়নই নেই, আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি অতি দ্রুত এসব কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।" স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের কাছে খসড়া আইনটির ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিদ্ধান্ত আমরা চিঠি দিয়ে পিআরপিকে জানিয়ে দিয়েছি। এখন তারা জনমত যাচাই শেষে ফলাফল আমাদের কাছে জমা দেবে। আমরা তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া প্রস্তাবটিকে আইনে পরিণত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।" সংস্কার-আইন প্রণয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পিআরপি পরিচালক বলেন, "আমরা পুলিশ বাহিনীকে আর আগের চেহারায় দেখতে চাই না। এ কারণেই নতুন আইন প্রণয়নসহ পুলিশ বাহিনীর সংস্কারে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কিন্তু অনেকেই হয়তো এটি চান না।" পুলিশ আইনের খসড়া প্রস্তাবে ১১ সদস্যের জাতীয় পুলিশ কমিশন, পাঁচ সদস্যের স্বাধীন পুলিশ অভিযোগ কর্তৃপক্ষ এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত সাজা দেওয়ার জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনসহ ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া, পুলিশের স্বাভাবিক কাজে যারাই প্রভাব সৃষ্টি, তদবির ও হস্তক্ষেপ করবে তাদের এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং জাতীয় পুলিশ কমিশনে তদন্ত ও বিচারের মুখোমুখি করার প্রস্তাব করা হয়েছে ওই খসড়ায়। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে তৎকালীন ব্রিটিশ শাসক 'পুলিশ আইন ১৮৬১' তৈরি করে। ওই আইন এখনো বহাল থাকায় পুলিশ বাহিনীকে আধুনিক ও গণমুখী সংস্থায় পরিণত করা যাচ্ছে না বলে মনে করছেন খোদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/১৯৫০ ঘ.