কুমিল্লা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা চৌদ্দগ্রামের ভারতীয় সীমান্তবর্তী গ্রাম আমানগন্ডা থেকে মঙ্গলবার সকালে অবৈধভাবে আনা ৩৩৭ বস্তা ভারতীয় গুঁড়ো দুধ আটক করা হয়েছে। এ দুধের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হতে পারে জানিয়েছে বিডিআর।
কুমিল্লা ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মুকিম সরকার জানান, উদ্ধার করা গুঁড়ো দুধ ভারতের শক্তি ব্রান্ডের। বাংলাদেশে গুঁড়ো দুধের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন ব্রান্ডের ভারতীয় গুঁড়ো দুধ বাংলাদেশে প্রবেশ করছে।
তিনি জানান, ভারত থেকে আনা গুঁড়ো দুধ চৌদ্দগ্রামের সীমান্তবর্তী গ্রাম আমানগন্ডায় এনে জমা করা হয়েছে- গোপনে এ খবর পেয়ে বিডিআর সদস্যরা মঙ্গলবার সকাল ৮টায় অভিযান চালায়।
বিডিআর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৮ ঘ.
bdnews24