২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের মেধা কাজে লাগাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও চিফ স্কাউট অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের ছাত্র-ছাত্রীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি সৎ চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের মেধা ও প্রতিভা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ও চিফ স্কাউট অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের ছাত্র-ছাত্রীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি সৎ চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণদের মেধা ও প্রতিভা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, "আমাদের তরুণ প্রজন্ম নানামুখী প্রতিভায় সমৃদ্ধ। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে হবে। সমৃদ্ধ জাতি গঠনের প্রয়াসে আমাদের সম্ভাবনাময় মেধাবী প্রজন্মকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের মেধার বিকাশ ঘটাতে হবে।" সোমবার সকালে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৩৬তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। তরুণদের মধ্যে দেশপ্রেম, সততা, নিষ্ঠা পরোপকারিতা এবং দায়িত্বশীলতার মত অতি প্রয়োজনীয় গুণাবলীর উন্মেষ ঘটানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, "আমি মনে করি স্কাউটিং এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।" বাংলাদেশ স্কাউট সুনামের সঙ্গে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বে ৫ম বৃহৎ স্কাউটদেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। তবে দেশে স্কাউট সংখ্যা ১০ লাখ হলেও জনসংখ্যার অনুপাতে এ সংখ্যা বেশি নয়। স্কাউটিং যাতে শহরে সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। স্কাউটিংকে আদর্শ নাগরিক গড়ার আন্দোলন হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "শতবর্ষ আগে লর্ড ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের যে সূত্রপাত ঘটিয়েছিলেন তা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মানব হিতৈষী এই মনীষীর অমর স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।" রাষ্ট্রপতি স্কাউটিং আন্দোলনে বিশেষ অবদানের জন্য চারজনকে 'রৌপ্য ব্র্যাঘ্র' এবং পাঁচজনকে 'রৌপ্য ইলিশ' পদক দেন। এর আগে রাষ্ট্রপতি প্রশিক্ষণ কেন্দ্রে শতবর্ষ স্মারক ভাস্কর্য উম্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মুহাম্মদ ফজলূর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদ। অনুষ্ঠানের আয়োজকরা জানান স্কাউট আন্দোলনের শতবর্ষ উপলক্ষে কক্সবাজারে চতুর্থ কমডেকা, গাজীপুরে জাতীয় শতবর্ষ স্কাউট ক্যাম্প, শতবর্ষ সূর্যোদয় কর্মসূচিসহ 'জাম্বুরি অন দ্য ট্রেন', 'বোভার প্রিন্স ব্যাটস রিলে' সার্ককার র‌্যালি কর্মসূচিতে অংশ নিয়েছে। এবার স্কাউটসের সর্বোচ্চ পদক 'রৌপ্য ব্যাঘ্র' প্রাপ্তরা হলেন- পিরোজপুরের মিহির কান্তি মজুমদার, জামালপুরের আবুল কালাম আজাদ, দিনাজপুরের প্রকৌশলী মো. হাবিবুর রহমান ও মানিকগঞ্জের অধ্যাপক মো. সায়েদুর রহমান। 'রোপ্য ইলিশ' প্রাপ্তরা হলেন- গাজীপুরের আ ম ম ইফতেখারুল হক, বগুড়ার রেজাউল করিম, চাঁদপুরের মো. বেলায়েত হোসেন, কুমিল্লার মো. ফিরোজ সালাহউদ্দিন ও অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম জহরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আমির উদ্দিন, গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান, পুলিশ সুপার মো. আলমগীর আলম। প্রধান অতিথির ভাষণের আগে রাষ্ট্রপতি কাব কার্নিভাল স্টেশনসমুহ পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.