ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় গাজীপুর-৩ আসনের সাবেক বিএনপি সাংসদ ফজলুল হক মিলনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর আদালতের বিচারক মো. আল মামুন সোমবার মিলনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। কারাগার থেকে মিলনকে এদিন আদালতে হাজির করা হয়।
শাহবাগ থানায় গত ২৩ জানুয়ারি সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদার দায়ের করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি মিলনকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
গত ১ ফেব্র"য়ারি মিলনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে বলা হয়, মিলন সাংসদ থাকাকালে বাদির কাছে প্রতিমাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করে তা না দিলে বাদির প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ভয় পেয়ে বাদি শাহবাগ এলাকায় তার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে বসে মিলনকে ২০০৩ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১২ ফেব্র"য়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে ১১টি চেকের মাধ্যমে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দেন। যা ডাচ-বাংলা ব্যাংকের বনানী শাখার মিলনের নামের হিসাবে জমা হয়।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মিলনকে গত বছরের আগস্টে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাত, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা ও গাজীপুরে পাঁচটিরও বেশি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিবি/এমআই/১৯০১ ঘ.
bdnews24