২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় কেন ধর্ম পরিচয় নেই, জানতে চেয়েছে হাইকোর্ট

ভোটার তালিকা, ভোটার নিবন্ধন ফরম, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ফরমে নাগরিকদের ধর্ম পরিচয় উল্লেখ করতে কেন নির্দেশ দেওয়া হবে না সরকার ও নির্বাচন কমিশনের কাছে রোববার তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটার তালিকা, ভোটার নিবন্ধন ফরম, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ফরমে নাগরিকদের ধর্ম পরিচয় উল্লেখ করতে কেন নির্দেশ দেওয়া হবে না সরকার ও নির্বাচন কমিশনের কাছে রোববার তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, এলজিআরডি সচিব ও আইন সচিবকে এর জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ আহমদ ও পারভেজ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। ওই আবেদনের ওপর শুনানিতে আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে অন্য ধর্মও শান্তি ও সম্প্রীতির মধ্যে পালন করা যাবে। সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ধর্ম পালনের বিষয়টি মানুষের মৌলিক অধিকার। এসব কারণে রাষ্ট্রীয় দলিলপত্রে নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ে পরিচিত হওয়ার বিষয়টিও মৌলিক অধিকারের পর্যায়ে পরে। এ কারণে রাষ্ট্রীয় দলিলে ধর্ম পরিচয়ের উল্লেখ না থাকলে একজন নাগরিকের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। আবেদনে বলা হয়, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের ফরমে ধর্মীয় পরিচয়ের কোনো ঘর রাখা হয়নি। এটা মানুষের ধর্ম পরিচয় মুছে ফেলার চেষ্টা এবং বাংলাদেশের বিরুদ্ধে একটি গভীর চক্রান্তের অংশ। এদিকে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরনো ভোটার তালিকার ফরমেও এ বিষয়টি ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/বিআর/টিএইচ/জেকে/১৭০৭ ঘ.