চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্ক বিভাগের সংস্কার ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মোবিন।
রোববার সকালে চট্টগ্রাম শুল্ক কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পরিদর্শনকালে তিনি শুল্ক বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, চলমান সংস্কার ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে (অটোমেশন) শুল্কায়ন প্রক্রিয়া বাস্তবায়িত হলে শুল্ক বিভাগসহ সংশ্লিষ্ট সবার উপকার হবে এবং রাজম্ব আয় বাড়বে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কত দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ হবে তা বলা সম্ভব নয়। তবে সংস্কার বিশেষ করে স্বয়ংক্রিয় শুল্কায়ন প্রক্রিয়া যাতে স্বল্পতম সময়ের মধ্যে শেষ হয় সে চেষ্টা চলছে।
জিওসি আব্দুল মোবিন বলেন, "প্রয়োজনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ঢাকার (জাতীয় রাজস্ব বোর্ড) সঙ্গে কথা বলব।"
রোববার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত তিনি চট্টগ্রাম শুল্ক বিভাগ কর্মচারী ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ম্যাগনেটিক পরিচয়পত্র প্রদান কার্যক্রম, অবকাঠামো নির্মাণ ও শুল্কায়ন প্রক্রিয়া পরিদর্শন করেন।
পরে তিনি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত এক বৈঠক করেন। এসময় শুল্ক কমিশনার (রপ্তানি) মারগুব আহমেদ, চট্টগ্রাম টাস্কফোর্সের শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাছান নাসিরসহ শুল্ক বিভাগ ও টাস্কফোর্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুল্ক বিভাগে ঘুষ দুর্নীতি বন্ধে এবং তদবিরকারীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে ওই বিভাগ ও সংশ্লিষ্ট সব সংস্থা, সিঅ্যান্ডএফ এজেন্টস, আমদানিকারকসহ ব্যবহারকারী সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ম্যাগনেটিক পরিচয়পত্র প্রদানের কার্যক্রম গৃহিত হয়। ডিজিটাল পদ্ধতির এসব পরিচয়পত্র দেওয়ার কাজ রোববার থেকে শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24