ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শুক্রবার রাতে ও শনিবার দুপুরে আগুনে বস্তির দুশ ঘর ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
দমকল সদরদপ্তরের কর্মকর্তা কাজী সুফিয়া জানান, শুক্রবার রাত ১টার দিকে সূত্রাপুর গেন্ডারিয়া রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে দু'শ কাঁচাঘর পুড়ে যায়। বস্তির পাশে ফেলে রাখা উত্তপ্ত ছাই থেকে আগুন ধরে যায় বলে মনে করা হচ্ছে।
দমকল বাহিনীর ১২টি ইউনিট একঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
কাজী সুফিয়া জানান, আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ৬৭ নয়াপল্টনের সিটিহার্ট মার্কেটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে আসবাব ও কাগজপত্র পুড়ে যায়। ১৮ তলা ভবনটির ৫ তলায় এয়ারপিকার ইন্টারন্যাশনাল নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। পরে মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২১১৩ ঘ.
bdnews24