ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আরেফিন সিদ্দিকের গ্রিন রোডের বাসায় শনিবার সন্ধ্যায় ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কে বা কারা পরপর দু'টি ককটেল ছুড়ে মারে। একটি ককটেল গাড়িবারান্দার ওপর বিস্ফোরিত হয়। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে এতে কেউ আহত হয়নি।"
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে রোববার বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করবে। রাতে অধ্যাপক সিদ্দিকের বাসায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ অন্যান্য বিভাগের কয়েকজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের অনেক বর্তমান ও সাবেক ছাত্রও তার বাসায় ছুটে আসেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখন এখানেই রয়েছি। একটি মলমের কৌটায় লাল স্কচটেপ পেঁচিয়ে ককটেল বানানো হয়েছিল। এটা পটকা জাতীয়, শুধু শব্দ উৎপাদক বোমা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।"
এর আগে অধ্যাপক সিদ্দিককে টেলিফোন ও চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া ২০০৪ সালের ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে তার কক্ষ ভাঙচুর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩১ঘ.
bdnews24