ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ছোট-বড় দেশগুলোর সম অধিকারমূলক অংশগ্রহণে গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে 'বিশ্ব অর্থনৈতিক ন্যায়বিচার ফোরাম-২০০৮' শনিবার ১৪ দফা দাবি ঘোষণা করেছে।
ফোরামের সমাপ্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, 'ছোট-বড় দেশগুলোর সম অধিকারমূলক অংশগ্রহণে গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা গড়ে তুলে অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আজ খুবই জরুরি।"
ঘোষণায় মন্তব্য করা হয়, মুক্তবাজার অবাধ লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক ন্যায়বিচার এখন মহাবিপন্ন। এতে প্রান্তিক মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত করে ন্যায়বিচার সম্পন্ন বিশ্বব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
গভর্নেন্স কোয়ালিশনের নির্বাহী মহসীন আলীর পাঠ করা ঘোষণাপত্রে ১৪ দফা দাবি তুলে ধরা হয়। তিনি এতে বলেন, শিল্পোন্নত দেশসমূহকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিপন্ন দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। বিশ্বায়নের বদলে মানবিক গণবিশ্বায়নের ধারাকে গুরুত্ব দিতে হবে।
১৪ দফার মধ্যে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের 'চাপিয়ে দেওয়া' দেনা নিঃশর্তভাবে বাতিল, নির্বাচিত প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা, পাট-তুলাসহ পণ্যভিত্তিক শিল্পায়নের বিকাশ,কৃষি অর্থনীতিকে সবল করা, প্রকৃতি বান্ধব উন্নয়নের পদক্ষেপ নেওয়া এবং প্রাকৃতিক সম্পদ গণমালিকানার আওতায় আনার দাবি রয়েছে।
কমিটির সাংগঠনিক সদস্য মো. হেলাল উদ্দিন জানান, ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব অর্থনৈতিক ন্যায়বিচার ফোরামে বিভিন্ন স্তরের ১২ হাজারেরও বেশি অংশগ্রহণকারী মতবিনিময় করেছেন। এ বছর নভেম্বরে নেপালে এবং ২০১০ সালে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফোরামের পৃথক সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে অঙ্গীকার বাংলাদেশের নির্বাহী পরিচালক আশরাফুল আলম টুটু, কোস্টাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক রতন সরকার, খুলনা অঞ্চলের প্রতিনিধি আজগর আলী সাব্বিরও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৮৪২ঘ.
bdnews24