ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচের প্রকাশিত মানবাধিকার প্রতিবেদন নাকচ করে দিয়েছে সরকার। ওই প্রতিবেদনে বাংলাদেশের সেনাবাহিনী-সমর্থিত অন্তবর্তীকালীন সরকার মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রকেন্দ্রিক এই সংস্থাটি গত বৃহস্পতিবার বিশ্ব প্রতিবেদন-২০০৮ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর মানবাধিকার লংঘন হওয়ার অভিযোগ রয়েছে।
সংস্থাটির এশিয়া উপ পরিচালক ইলেইন পিয়ারসন বলেছেন, " দুঃখজনকভাবে বাংলাদেশ ২০০৭ সালে গুরুতর মানবাধিকার লংঘিত হওয়া দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।" তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে সাধারন নাগরিক গ্রেপ্তার,আটক এবং হত্যার অভিযোগ রয়েছে এবং সরকার জরুরি আইনকে দণ্ড থেকে অব্যাহতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে আলাপকালে ওই প্রতিবেদন প্রত্যাখান করে করে বলেন,'' প্রতিবেদনের তথ্য সঠিক নয়। তাদের প্রতিবেদনের তথ্যসমূহ যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০০৬ ও ২০০৭ সালের প্রতিবেদনের সঙ্গে তুলনা করা হয়, তাতেই বোঝা যাবে যে প্রকাশিত প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতি সর্ম্পকে যে কথা বলা হয়েছে তা সঠিক নয়। সেইজন্যই আমরা এই প্রতিবেদন গ্রহণ করি না। '' তবে তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশ করাটা তাদের কাজ।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, জরুরি অবস্থা ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যে দেশে হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়। এতে মন্তব্য করা হয়, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের হুমকি ও ভীতি প্রদর্শন করছে যেন তারা সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু না বলে।
পিয়ারসন আরও বলেন, এই হয়রানি এবং ভীতিপ্রদর্শনের ফলে অনেক সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী ভয়ে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেআরসি/এসএম/এসকে/১৭৪৫ঘ.
bdnews24