ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে শুরু হয়েছে ভাষা শহীদের অমর স্মৃতিবিজড়িত মহান ফেব্র"য়ারি মাস। ভাষার প্রতি ভালোভাসার কথা বার বার স্মরণ করিয়ে দিতে আসে এ মাসটি।
ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়পটে ভেসে ওঠে ভাষা আন্দোলনের অমর শহীদদের কথা। সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর রহমানের রক্তের আখরে লেখা এই নামগুলো বাঙালি জাতিকে উজ্জীবিত করে দেশ আর মাতৃভাষার প্রেমে। তাদের আত্মত্যাগের দিন ২১ ফেব্রুয়ারি এখন হয়ে উঠেছে 'একুশ' যা কিনা হয়ে উঠেছে বাঙালির অদম্য প্রতিরোধের প্রতীক।
ফেব্র"য়ারি মাস বাংলা ভাষার মর্যাদা রক্ষার মাস। বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে যে বাংলা ভাষা থেকে, সে ভাষার ওপর যখন আঘাত এল, তখন বুকের রক্তে লেখা হলো এ দেশের ইতিহাস। ১৯৫২ সালের একুশে ফেব্র"য়ারি ঢাকার রাজপথ ভাষার দাবিতে ফেটে পড়া শহীদদের রক্তে রঞ্জিত হয়। সেই পথ ধরেই বাঙালির গণঅভ্যুত্থান, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ।
একুশ এলে ৫৬ বছর আগের সেই বজ্রকঠিন প্রত্যয়ের স্মৃতিতে তাই মানুষ গর্বিত হয়। এছাড়া শিল্প-সাহিত্য-সংগীতসহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে একুশ নিয়ে আসে নতুন নতুন ভাবনা। অমর একুশে উপলক্ষে বাংলা একাডেমীর গ্রন্থমেলা দেশের সাহিত্যানুরাগী মানুষের জন্য হয়ে উঠেছে এক বিরাট মিলনমেলা।
পেছন ফিরে দেখা:
১৯৫২ সালের একুশে ফেব্র"য়ারি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ব্রিটিশরাজ থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকেই ভাষা সমস্যা দানা বেঁধে উঠতে শুরু করে। ১৯৪৭ সালের ১৭ মে হায়দ্রাবাদে এক উর্দু সম্মেলনে মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা দেন, নতুন রাষ্ট্র পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু। তাঁর সঙ্গে গলা মেলান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন। প্রতিবাদে ২৯ জুলাই বাঙালি পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ আজাদ পত্রিকায় বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাই হওয়া উচিত পাকিস্তানের রাষ্ট্রভাষা, তবে দুটি রাষ্ট্রভাষা করা গেলে উর্দুর কথা বিবেচনা করা যায়।
পাকিস্তান গঠনের পর রাষ্ট্রভাষা আন্দোলন জোরদার হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে গঠিত 'তমদ্দুন মজলিশ' রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে গ্রহণ করার ব্যাপারে বড় উদ্যোগ নেয়। বিভাষীদের নিয়ন্ত্রণাধীন পাকিস্তান সরকারের কাজকর্মে পরিস্কার বোঝা যাচ্ছিল, বাংলা ভাষার প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নেই। ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাকে একচ্ছত্রভাবে প্রতিষ্ঠিত করার আলামত পাওয়া যায় মানি অর্ডার ফরম, পোস্টকার্ড, খাম ও কাগজের টাকা থেকে বাংলাকে বাদ দেওয়ার ঘটনায়।
সচেতন বাঙালিদের নেতৃত্বে ১৯৪৮ সালের ২ মার্চ গঠন করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১১ মার্চ সংগ্রাম পরিষদ সারা পূর্ব পাকিস্তানে (পূর্ববঙ্গে) ধর্মঘট আহবান করে। ১৯ মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। ২১ মার্চ তিনি রেসকোর্স ময়দানে দেওয়া বক্তৃতায় বলেন, 'আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়।''
জিন্নাহর বক্তৃতায় বাঙালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিন্নাহ ভাষা সম্পর্কে তাঁর বক্তব্যের পুনরাবৃত্তি করলে 'নো', নো' বলে প্রতিবাদ করে ওঠেন ছাত্ররা। এরপর থেকে ঘটনা এগিয়ে যেতে থাকে ইতিহাসের অনিবার্যতার দিকে। আসে ঐতিহাসিক বায়ান্ন সাল।
কর্মসূচি:
প্রতিবছর ১ ফেব্র"য়ারি থেকে রাজধানীসহ সারাদেশে সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো মাসব্যাপী নানা কর্মসূচি নিয়ে অমর একুশের মাসটি পালন করে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় ভাষার জন্য আত্মত্যাগের সেই গৌরবগাঁথা।
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় গ্রন্থাগার চত্বরে সকালে শুরু হয়েছে দুইদিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। কবি সৈয়দ শামসুল হক উৎসবের উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১২০৪ঘ.
bdnews24