ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরোনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের প্রতীক্ষায় বিশ্ববাসী। বিদায় নিল ঘটনাবহুল ২০০৮ সাল।
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ২০০৮ সালের শেষ পাতাটি 'কালের যাত্রা'য় হারিয়ে যাবে ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর ছোঁওয়ার সঙ্গে সঙ্গে। স্বাগত ২০০৯। শুভ নববর্ষ।
দূর অতীতে গ্রীসের মানুষ অস্তপ্রায় লাল সূর্যকে জীর্ণ জীবনের প্রতীক হিসেবে বিদায় জানাত। সমুদ্র মায়ের কোলে বিলোপ হওয়া ক্লান্ত সূর্যের আবার পুনর্জন্ম পরদিন ভোরে সেই সমুদ্র গর্ভ থেকেই। এভাবেই বারবার বেজেছে ধ্বংস আর হারিয়ে যাওয়ার মধ্যে নতুন জীবনের সুর। ২০০৮ সালের শেষ সূর্য আবার উদিত হয়ে উদ্ভাসিত করবে ২০০৯ সালের নতুন সকাল।
ঢাকাবাসী নতুন বছরের প্রথম প্রহর উদযাপন করেছে কড়া নিরাপত্তার মধ্যে।
পুলিশের কড়াকড়ির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো দিয়ে রাতে ছাত্র-শিক্ষক ছাড়া অন্য কেউ ঢুকতে পারেনি। রাত ৯টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে তল্লাশী শুরু করে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ভেতরেও বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। গাড়ি বা মোটরসাইকেল আটকিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করতে দেখা গেছে।
টিএসসির মোড় ছিল অন্য বছরের তুলনায় প্রায় ফাঁকা। কিছু ছাত্র টিভি ক্যামেরার সামনে ভিড় করে উল্লাস করে। আর কেউ কেউ গোল হয়ে বসে গিটার নিয়ে গান গেয়ে রতুন বছরকে স্বাগত জানায়।
গুলশান ও বনানীতেও ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর করা নজরদারী।
নতুন বছরের আগমনে দেশবাসী ও বিদেশে অবস্থানরত সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, নববর্ষ সকল নাগরিকের ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় জীবনে অগ্রগতি, সমৃদ্ধি, আনন্দ ও কল্যাণ বয়ে আনুক।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদও দেশবাসী ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, জীর্ণ পুরাতন, ব্যর্থতা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সাফল্য। দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের অপার সম্ভাবনার দ্বার আরও উম্মোচিত হবে, রচিত হবে সোনালী ভবিষ্যৎ।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরে দায়িত্ব নিতে যাওয়া হবু প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। তারা শুভেচ্ছা বাণীতে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনও পৃথক বাণীতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
ফেলে আসা ২০০৮ সাল ছিল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ঘটনায় পরিপূর্ণ। দেশে বছর জুড়েই ছিল নির্বাচন তথা গণতন্ত্রে প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে সংশয়। বছরের শেষভাগে ঠিক ঠিক নির্বাচন হয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশবাসী।
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গত বছর ছিল ঘটনাবহুল। এই একটি বছরে দেশ পার করেছে তার ইতিহাসের অন্যতম সঙ্কটময় সময়টি। দীর্ঘ অনিশ্চয়তার প্রহর কাটিয়ে আরেকটি নতুন বছর শুরু করতে যাচ্ছে এ জনপদের মানুষ।
এ বছরের সবচেয়ে আলোচিত ঘটনা নিঃসন্দেহে জাতীয় সংসদ নির্বাচন। অনেক অনিশ্চয়তা ও সংশয় শেষে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিস্ময়কর তিন-চতুথাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।
আগের বছরের প্রলয়ংকরী সিডরের মতো ঝড় আঘাত না হানলেও আঘাত হানে ঘূর্ণিঝড় নার্গিস। তবে তা পার্শ্ববর্তী ভারতের ওপর দিয়ে চলে যাওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
গেল বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি। সরকার এক্ষেত্রে নানারকম চেষ্টা করেও প্রায় কিছুই করতে পারেনি। এটি তত্ত্বাবধায়ক সরকারের অনেক ভালো কাজকেও ম্লান করে দেয়।
বছরের শেষের দিকে চীনে মেলামিনযুক্ত দুধ খেয়ে বেশ কিছু শিশু মারা গেলে আলোচনার শীর্ষ বস্তু হয়ে ওঠে মেলামিন। বাংলাদেশেও কয়েকটি ব্র্যান্ডের দুধে মেলামিন ধরা পড়ে। দূষিত দুধে তৈরি কিছু নামী চকোলেটেও মেলামিন পাওয়া গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে সম্ভবত সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সূচনা।
অর্থবাজারে ধস নামায় মন্দার শিকার হয় আমেরিকাসহ শিল্পোন্নত দেশগুলো। বেশ কয়েকটি নামী আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষিত হয়। যুক্তরাষ্ট্রসহ অপর কয়েকটি দেশ মন্দা ঠেকাতে বিশাল অঙ্কের সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এ মন্দার আচ লাগতে পারে বাংলাদেশেও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আরেক বড় ঘটনা। দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে মার্কিনীরা এ বছর।
রিপাবলিকান প্রার্থী ম্যাককেইনকে হারিয়ে বিপুল জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা। ইরাকে চলেছে রক্তক্ষয়ী সংঘাত। ভারতের মুম্বাই রক্তাক্ত হয়েছে নজিরবিহীন কায়দার এক সহিংস ঘটনায়।
আফ্রিকার গিনিসহ কয়েকটি দেশে অভুত্থান ঘটেছে।
বছরের শুরুতেই অনেক দোলাচলের পর বিদায় নিতে বাধ্য হন পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ। নেপালে নির্বাচনের পরে সরকার গঠন করে বন্দুক ছেড়ে ব্যালটের পথে আসা মাওবাদীরা। মালদ্বীপে মামুন আব্দুল গাইয়ুম যুগের অবসান হয়। গণতন্ত্র চালু হয় ভুটানেও!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/ডিডি/জেকে/এসকে/০০২০ ঘ.
bdnews24