ঢাকা ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) -- যুদ্ধাপরাধী বলে অভিযুক্তরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সে জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করেছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্রছাত্রী।
'মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম' ব্যানারে তারা মোট ৭১ জনের একটি তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দিয়েছেন। তালিকায় অভিযুক্তদের বর্তমান ঠিকানা ও কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে।
আবেদনপত্রে বলা হয়, ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনের ফলাফলে ভীত হয়ে এরা দেশ থেকে পালিয়ে যাবার চেষ্টা করতে পারে।
৪ জানুয়ারি পর্যন্ত আদালত বন্ধ থাকায় তারা পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধী হিসাবে উল্লেখ করা একটি স্মারকলিপি আমি পেয়েছি। তারা যাতে দেশের বাইরে যেতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে স্মারকলিপিতে আবেদন করা হয়েছে। কিন্তু এ কাজটি তো পুলিশ পারে না। কাজটি আদালতের। আমি স্মারকলিপিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব।"
আবেদনকারীদের একজন, শাহানা মজুমদার নীলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিভিন্ন পত্রপত্রিকার খবরের সূত্র ধরে এই ব্যক্তিদের তালিকা করেছি। আমরা আশঙ্কা করছি, এরা হয়তো দেশের বাইরে পালিয়ে যাবার চেষ্টা করতে পারে। তারা যাতে সেটি করতে না পারে, সেজন্যে আমরা এই আবেদন করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৬ঘ.
bdnews24