চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের টেরীবাজারের জামান ম্যানশন থেকে মঙ্গলবার সন্ধ্যায়
২৮টির বেশি গ্রেনেডসহ দুই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটক সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে ইসলামী বই, ক্যাসেট ও গ্রেনেড তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এ প্রতিবেদন লেখার সময়ও অভিযান চলছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন, খোরশেদ আলম (৪০) ও মাসুম (৩৩)। খোরশেদ পেশায় সংবাদপত্রের হকার।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামান ম্যানশনের চতুর্থ তলা থেকে ওই দুই জঙ্গিকে গ্রেনেড ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় তিন-চার বছর ধরে তারা সেখানে মেস করে থাকতো। তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদিন সদস্য বলেও স্বীকার করেছে তারা।
বিকেল ৫টায় র্যাব-১ ও র্যাব-৭ এর এ যৌথ অভিযান শুরু হয়।
এ পর্যন্ত জঙ্গিদের কাছ থেকে ২৮টির মতো গ্রেনেড, ইসলামী বই, ক্যাসেট, প্রচারপত্র ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/১৮৫১ঘ.
bdnews24