ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, জনগণ তাদের রায়ে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে।
''সুষ্ঠভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল ইতিবাচক। জনগণ এই নির্বাচনে দুর্নীতিবাজদের নাকচ করেছে। অতীতেও জনগণ এ ধরনের সিদ্ধান্ত নিতে ভুল করেনি, এবারও তারা তাই করেছে।'' মঙ্গলবার সচিবালয়ে চ্যানেল আই'র কাছে এ মন্তব্য করেন স^রাষ্ট উপদেষ্টা।
একইসঙ্গে তিনি এ আশা করেন: বিজয়ী দল ও জোট জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পুরণ করবে। পরাজিত দল নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করবে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি করে মতিন বলেন, ''আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা নিরপেক্ষভাবে নির্দেশ মেনে চলেছেন।''
সচিবালয়ে সংস্কৃতি ও মহিলা বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সাংবাদিকদের বলেন, ''এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। মানুষ একটি পরিবর্তন চেয়েছিল। নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/এমএইচবি/১৪১২ ঘ.
bdnews24