২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মিলনের গাড়ি ভাঙচুর, মাদারীপুর-শরীয়তপুরে সংঘর্ষে আহত ৯

চাঁদপুর -১ আসনে চারদলীয় প্রার্থী বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ স ম এহসানুল হক মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 07:45 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর -১ আসনে চারদলীয় প্রার্থী বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ স ম এহসানুল হক মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০ টার দিকে মতলবের কাশিমপুর থেকে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এছাড়া মাদারীপুর ও শরীয়তপুরে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলার নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ও মহাজোট প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শরীয়তপুর- ২ আসনের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মহাজোট ও চারদলীয় জোটের সমর্থকদের মধ্যে সংঘষে আহত হয়েছেন চারজন। হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সমথর্কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কেউ আহত হয়নি। আটকও করা হয়নি কাউকে। পুলিশ সুপার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০ টার দিকে মতলবের কাশিমপুর থেকে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যাওয়ার সময় প্রতিপক্ষের কিছু লোকজন এহসানুল হক মিলনের গাড়িতে ভাঙচুর চালায়। এতে মিলনের গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষেয়ে চারদলীয় প্রার্থী মিলন বলেন, "আমাকে হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।" তিনি জানান, গুলবাহার কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়ার কথা শুনে সকালে তিনি প্রথম সেখানে যাই। একই ধরনের অভিযোগ পেয়ে সেখান থেকে মতলবের কাশিমপুরে যান। মাদারীপুর: শিবচর উপজেলার নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে দু'পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বতস্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার সমর্থকরা মহাজোট প্রার্থী নুর-ই-আলম চৌধুরীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে পৌর কমিশনার আ. কাদের খান নিলু ও সংরক্ষিত আসনের মহিলা কমিশনার মজিদা মোস্তফাসহ পাঁচজন আহত হন। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত নিলুকে ঢাকা পাঠানো হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ধরনের কোনো ঘটনা নয়। দু'পক্ষের মধ্যে মীমাংসা হওয়ায় এখন পরিস্থিতি শান্ত। শরীয়তপুর: শরীয়তপুর- ২ আসনের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মহাজোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর এজেন্ট ভোট কেন্দ্রের ভিতরে ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতে বললে বিএনপির প্রার্থী সফিকুর রহমানের এজেন্ট বাধা দেন। এতে গুরুতর আহত- আবুল কালাম মালত, জালাল হাওলাদার ও মাসুম হাওলাদারকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার শাহরিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "বড় ধরনের কোন সংঘর্ষ নয়। সামান্য হাতাহাতি হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৩৩৯ ঘ.