নরসিংদী, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামে রোববার দুপুরে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নরসিংদী-৩ (শিবপুর) আসনে যুক্তফ্রন্ট প্রার্থী গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিকের ছোট চাচা ও তার প্রধান নির্বাচনী সমন্বয়ক বলে জানিয়েছে ফ্রন্ট।
জাতীয় যুক্তফ্রন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের তদন্ত, দোষী ব্যক্তিদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে গ্রামের একটি আলু ক্ষেত থেকে জাকিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গলায় গামছা পেছিয়ে হত্যা করে। তার অণ্ডকোষেও আঘাতের চিহ্ন আছে।
এ ব্যাপারে নিহতের ভাই আবুল হাসেম বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা করেছেন বলে ওসি জানান।
এ ঘটনায় যুক্তফ্রন্ট নেতা ড. কামাল ও অ্যাডভোকেট সুব্রত উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24