২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগের দিন চট্টগ্রামে নাগরিকদের চলাচলে ভোগান্তি

নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেল থেকেই পাল্টে গেছে চট্টগ্রাম মহানগরীর চেনা দৃশ্যপট। যানবাহন সঙ্কট থাকায় অফিস ফেরতা নগরবাসী দারুণ ভোগান্তির মধ্যে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেল থেকেই পাল্টে গেছে চট্টগ্রাম মহানগরীর চেনা দৃশ্যপট। যানবাহন সঙ্কট থাকায় অফিস ফেরতা নগরবাসী দারুণ ভোগান্তির মধ্যে পড়েন। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল একেবারে কমে গেছে। নির্বাচনী কাজে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গাড়ি রিক্যুইজিশন এবং মোটরসাইকেলসহ কিছু যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বিকেল থেকে বাস, টেম্পো, ট্যাক্সিসহ অন্যান্য যান চলাচল কমে যায়। এতে করে অফিস ফেরত এবং বিভিন্ন স্বল্প দূরত্বে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগে পড়তে হয়। এই সুযোগে অধিকাংশ পরিবহন যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করেছে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে যানবাহনের জন্য যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নগরীর রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শাফিউল আলম বলেন, "দেড় ঘণ্টা অপেক্ষার পর বাস পেয়েছি। বাদুরঝোলা হয়ে কোনো রকমে নির্ধারিত গন্তব্যে পৌঁছেছি।" নগরীর ওয়াসার মোড় থেকে ক্যান্টনম্যান্ট এলাকায় যেতে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষায় থাকা ব্যবসায়ী মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যান্য দিন ৪০ থেকে ৫০ টাকা ভাড়ায় গেলেও আজ ভাড়া চাইছে দ্বিগুণেরও বেশি।" এছাড়া শহরে বসবাসকারী যারা শহরের বাইরের স্থায়ী ঠিকানায় ভোটার হয়েছেন তারা পরিবার নিয়ে বাস-ট্রেন স্টেশনে যেতে অতিরিক্ত ভাড়া দিয়েও সহজে রিকশা, অটোরিকশা ইত্যাদি পাননি। নগরীর জামাল খান এলাকার বাসিন্দা চাকরিজীবী অরুণ মল্লিক, স্ত্রীসহ ভোটার হয়েছেন নিজ বাড়ি রাউজান উপজেলায়। রোববার বিকেলে ভোট দিতে রাউজান যাবার পথে যানবাহন সঙ্কট ও অতিরিক্ত ভাড়ার কারণে দুর্ভোগে পড়ার কথা জানান। তিনি বলেন, "বাড়িতে গিয়ে শান্তিতে ভোট দিতে পারলে এ কষ্ট সার্থক হবে।" ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নগরীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় রোববার সকাল থেকেই মোটর সাইকেল আটক শুরু করা হয়। ঘোষণা জানতেন না এমন অনেকেই মোটরসাইকেল নিয়ে বের হয়ে বেকায়দায় পড়েন। এছাড়া সিএমপি রোববার মধ্যরাত থেকে নির্বাচনের দিন মধ্যরাত পর্যন্ত নগরীতে মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, পিকআপ ও জিপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এসকে/১৯৩৫ঘ.