২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে 'জঙ্গি' নেতা গ্রেপ্তার

জঙ্গি সংগঠন 'আল্লাহর দল' এর কুড়িগ্রাম জেলা প্রধান আক্তারুজ্জামান সুইটকে রোববার গ্রেপ্তার করেছে র‌্যাব। সুইট (২৭) জঙ্গি তৎপরতার অভিযোগে দায়ের করা একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ওই মামলায় আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীও আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংগঠন 'আল্লাহর দল' এর কুড়িগ্রাম জেলা প্রধান আক্তারুজ্জামান সুইটকে রোববার গ্রেপ্তার করেছে র‌্যাব। সুইট (২৭) জঙ্গি তৎপরতার অভিযোগে দায়ের করা একটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। ওই মামলায় আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীও আসামি। র‌্যাব-৫ এর কর্মকর্তা ক্যাপ্টেন জাকির সিদ্দিকী সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জের আদর্শপাড়ার বোনের বাড়ি থেকে সুইটকে গ্রেপ্তার করা হয়। সুইট কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা গ্রামের মৃত শাহজাদা আসাদুজ্জামানের ছেলে। তাকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে। গত শুক্রবার গ্রেপ্তার আল্লাহর দলের সদস্য রোস্তম আলীর দেওয়া তথ্যে সুইটকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা জাকির জানান। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ২০০৭ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকার একটি বাড়ি থেকে মতিন মেহেদীসহ চার জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করে। ওই সময় ৪৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। সুইট ওই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে ওসি জানান। তিনি বলেন, "সুইট এতদিন পালিয়ে ছিল। ওই মামলার ৪৫ আসামির মধ্যে মতিন মেহেদীসহ ১০ জন কারাগারে রয়েছে।" তবে গ্রেপ্তারকৃত সুইট সাংবাদিকদের কাছে নিজেকে নির্দেশ দিয়ে দাবি করেন। তিনি বলেন, "আমি পরিস্থিতির শিকার মাত্র।" র‌্যাব জানায়, পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নির্বাচনের সময় যেন কোনও অপতৎপরতা যেন চালানোর সুযোগ কেউ না পায়, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.