টাঙ্গাইল, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে রোববার একটি মালবাহী ট্রাক উল্টে ২৫ জন নিহত হয়েছেন।
সকাল ৯টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের কান্দিলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ১৪ জন। (আরও তথ্যসহ-১)
হতাহতদের অধিকাংশই দিনমজুর। কম ভাড়ায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য তারা রড বোঝাই ট্রাকটিতে করে যাচ্ছিলেন।
টাঙ্গাইল থানার এসআই মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ট্রাকটি (বগুড়া-১১-০৬২৬) ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রডের নিচে চাপা পড়ে একজন মহিলাসহ ২৪ জন মারা যায়।"
তিনি বলেন, "হাসপাতালে নেওয়ার পর গাইবান্ধার পলাশবাড়ি থানার কুমিতপুর গ্রামের এনামুল হকের ছেলে শাকিল (১১) মারা যায়। আহত ১৪ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।"
নিহত সবার পরিচয় পাওয়া যায়নি। যাদের পরিচয় পাওয়া গেছে তারা হচ্ছেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কবির হাট গ্রামের হযরত আলীর ছেলে জামান (৩০), আফসার আলীর ছেলে শাহজালাল (৯), বিলচাপরি গ্রামের লালন (৩০), বগুড়ার শেরপুরের হযরত আলীর ছেলে আজিজুল (৩০), টাঙ্গাইলের ভুঞাপুরের বেলাউয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির মিয়া (১১), গাইবান্ধা-সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামের বাচ্চুর ছেলে কাদের (২৫), গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই গ্রামের প্রয়াত নাজির হোসেনের ছেলে মুকুল (২৬) ও অজ্ঞাত ঠিকানার রফিকুল (২৮)।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উদ্ধার কাজ শুরু করে।
জেলা প্রশাসক মাকসুদুর রহমান পাটওয়ারী, পুলিশ সুপার মো. আবদুল মান্নান, সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম ঠাকুর, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মুরাদ সিদ্দিকী হাসপাতালে আহতদের খোঁজখবর নেন।
দুর্ঘটনার পরপর ট্রাকটির চালক পলিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫২৫ ঘ.
bdnews24