২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের মাঠের শিশুশ্রমিকদের গল্প

'একবেলা খাওন আর ১০০ ট্যাকা'- এই ছিল চুক্তি। এর বিনিময়ে ৮ বছরের হৃদয় শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২ পর্যন্ত ঢাকার বিভিন্ন রাস্তায় ঝুলিয়েছে 'ধানের শীষের' পোস্টার। কোথাও বিএনপি কোথাও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে 'ভোটশ্রমিক' হিসেবে ব্যবহৃত হৃদয়দের গল্প তুলে এনেছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'একবেলা খাওন আর ১০০ ট্যাকা'- এই ছিল চুক্তি। এর বিনিময়ে ৮ বছরের হৃদয় শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২ পর্যন্ত ঢাকার বিভিন্ন রাস্তায় ঝুলিয়েছে 'ধানের শীষের' পোস্টার। শুক্রবার রাত ১টার দিকে নীলক্ষেত মোড়ের আল-আমিন রেস্তোরাঁয় সাইফুল, সোহাগ, নূরনবী, রুবেল, মনিরের সঙ্গে বসে পরোটা আর ভাজি খেতে দেখা গেল হৃদয়কে। এদের সবার বয়স আট থেকে বারো'র মধ্যে; ঠিকানা বাবুপুরা বস্তি। চুক্তি অনুযায়ী কাজ অর্থাৎ পোস্টার লাগানো শেষে নিয়োগকারীর সঙ্গে খেতে এসেছে তারা। এদের মতোই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী পোস্টার লাগানো, প্রচারপত্র বিলি করা আর মিছিলে অংশ নিচ্ছে ছোট ছোট শিশুরা। রাজধানীর নীলক্ষেত, লালবাগ, কামরাঙ্গীর চর, মিরপুর এলাকা ঘুরে মিছিলে শিশুদের অংশগ্রহণ দেখা গেছে। ঠাণ্ডার মধ্যে গভীর রাতেও পোস্টার লাগাতে দেখা যায় তাদের। নিজের আকৃতির প্রায় দ্বিগুণ একটি জ্যাকেট আর জিন্স পরনে হৃদয় জানালো, সারাদিন দড়িতে পোস্টার ঝুলিয়েছে সে আর তার সঙ্গীরা। সারাদিনের 'কাজে' তার পরনের কাপড়ে আঠা লেগে বিচিত্র চেহারা নিয়েছে। আল-আমিন রেস্তোরাঁয় ঢুকেই এই ছয় 'ভোটশ্রমিক' খাবারের জন্য চেঁচামেচি শুরু করে দেয়। নিয়োগকর্তা ধমকে বলেন, "একজনে দুই পরোটা আর দুই জনে এক ভাজি খাবি। বেশি চিল্লা-ফাল্লা করবি না। বেশি খাইলে নিজের বিল নিজে দিবি।" অবশ্য 'ধমক' উপেক্ষা করে জনপ্রতি তিন/চারটি করে পরোটা খেয়ে উঠে গেল সাইফুল, সোহাগ হৃদয়রা। এদের মধ্যে 'একটু বড়' সাইফুল জানালো, "আইজ পিন্টু ভাইয়ের পোস্টার লাগাইছি।" সারাদিন ধানের শীষের পোস্টার লাগালেও খাওয়া শেষ করে রাস্তায় নেমেই 'নৌকা-নৌকা' স্লোগান দিতে শুরু করলো ছয় শিশু। এর কিছুক্ষণের মধ্যে পাড়া সম্পর্কের চাচা ইলিয়াস নিতে এলেন হৃদয়কে। নীলক্ষেতে এক ফটোকপি দোকানে কাজ করেন তিনি। ইলিয়াস বলেন, "বাইচ্চা মানুষ পাইয়া খাডাইতাছে বেশি, আর ট্যাকা দিতেছে কম।" তিনি জানালেন, হৃদয় শুক্রবার সারাদিন খেটে ১০০ টাকা আর এক বেলা খাবার পেয়েছে। বৃহস্পতিবার দিনে পোস্টার লাগিয়ে পেয়েছিল ৬০ টাকা। দিনের বেলার চেয়ে রাতে পোস্টার লাগানো সুবিধাজনক; টাকাও বেশি। রুবেল বলল, "রিদয় ছোড তো, তাই অরে ট্যাহা দিছে কম। আমরা ১০০ টাকার বেশিই পাইছি।" গত ১৩ ডিসেম্বর ঘোষিত নির্বাচনী ইশতেহারে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া অঙ্গীকার করেছিলেন, শিশুদের আর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে না। কেবল বিএনপিই নয়, আওয়ামী লীগের প্রার্থীরাও নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করছে। শনিবার মিরপুরের আহাম্মেদনগরে দেখা হলো ১২ বছরের রায়হানের সঙ্গে। এখানে নৌকার পক্ষে মিছিল করতে এসছিল সে। এর আগে ধানের শীষের মিছিলও করেছে। "একবার মিছিলে ২০/৩০ টাকা পাওয়া যায়।"