২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পরবর্তী গোলযোগ এড়াতে সরকার সতর্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছে সরকার। নির্বাচন পরবর্তী গোলযোগ এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছে সরকার। নির্বাচন পরবর্তী গোলযোগ এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। উপদেষ্টা এম এ মতিন শনিবার সাংবাদিকদের বলেন, "নির্বাচন হলেই আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না। নির্বাচনের পরেও যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য সংশ্লিস্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ের সভাগুলোতেও প্রধান উপদেষ্টা এ নির্দেশ দিয়েছেন।" নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে- এই আশা প্রকাশ করে তিনি বলে, "পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত আইন শৃঙ্খলা-পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই আশা করছি আমরা।" উপদেষ্টা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর তার কাছে নেই। নির্বচনের পর ক্ষমতা হস্তান্তরে সরকার কতদিন সময় নেবে- জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, "আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরে যতটুকু সময় প্রয়োজন সরকার ততটুকুই নেবে।" বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, "আইন অনুযায়ী পক্ষপাতের কোনো সুযোগ নেই; কোনো অভিযোগও আমরা পাইনি। তবে অভিযোগ পেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। সেখানে শনিবার পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি বলেও উপদেষ্টা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/এএল/জেকে/১৭৫৫ ঘ.