২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ সরাবে না ভারত, আলোচনার তাগিদ

বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকা থেকে জাহাজ সরাতে অসম্মতি জানিয়েছে ভারত। শনিবার ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে এ বিষয়ে তার দেশের অসম্মতির কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকা থেকে জাহাজ সরাতে অসম্মতি জানিয়েছে ভারত। শনিবার ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে এ বিষয়ে তার দেশের অসম্মতির কথা জানান। জলসীমা নিয়ে দ্বন্দ্বের অবসানে আলোচনার জন্য ভারতে একটি প্রতিনিধি দল পাঠানোর আহ্বানও জানিয়েছেন পিনাক রঞ্জন। বঙ্গোপসাগরের বাংলাদেশের দাবি করা জলসীমায় ভারতের জরিপ জাহাজ ঢোকার দু'দিন পর শনিবার দেশটির হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ঘটনার পর পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ গিয়ে ভারতীয় জাহাজগুলোকে সরে যেতে বললে তারা সরে গিয়েও আবার ফিরে আসে। পিনাক রঞ্জনের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, আগামী জানুয়ারির শেষ দিকে ঢাকার একটি প্রতিনিধি দল নতুন দিল্লি যেতে পারে। পিনাক রঞ্জন সাংবাদিকদের বলেন, "বঙ্গোপসাগরের ওই এলাকায় ভারতের নৌবাহিনীর কোনও জাহাজ যায়নি। সেখানে কাজ করছে ভাড়া করা কয়েকটি বিদেশি জাহাজ; যদিও বাংলাদেশ সেখানে নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে।" তিনি বলেন, "আমি এ মুহূর্তে ঠিক বলতে পারছি না, তারা সেখানে কী কাজ করছে। তবে সেগুলো জরিপকারী জাহাজ। কাজ শেষ হলেও তারা ফিরে যাবে।" পিনাক জানান, ভাড়া করা জাহাজগুলো জ্যামাইকার। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ভারত সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে ওই এলাকায় জরিপ চালাচ্ছে। সাগরে ভারতের নৌবাহিনীর কোনও জাহাজ নেই বলে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনও স্বীকার করেন। তিনি বলেন, "জাহাজগুলো ফিরিয়ে নিতে আমরা হাই কমিশনারের মাধ্যমে ভারতকে অনুরোধ করেছি।" শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল , মংলা বন্দর থেকে ১৪০ নটিক্যাল মাইল দূরে সাগরে ভারতের নৌবাহিনী দুটি জাহাজ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশও ওই এলাকায় নৌবাহিনীর দুটি জাহাজ পাঠায়। সাগরের ওই এলাকা বাংলাদেশ ও ভারতের জলসীমার অন্তর্গত বলে দুটি দেশই দাবি করে আসছে। পিনাক রঞ্জন বলেন, "এটি বিতর্কিত এলাকা নয়। আমরা বলবো ওই এলাকা নিয়ে দুই পক্ষেরই পরস্পরবিরোধী দাবি রয়েছে। কাজেই আমাদেরও অধিকার আছে, আপনাদেরও অধিকার আছে।" তিনি বলেন, "আমরা চাই বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকার একটি প্রতিনিধি দল শিগগিরই নতুন দিল্লি যাবে। নইলে এ নিয়ে বিতর্ক থেকেই যাবে।" আলোচনার আগ পর্যন্ত ওই এলাকায় ভারতের জাহাজ থাকবে কিনা- প্রশ্ন করা হলে পিনাক বলেন, "এটা আলোচনা সাপেক্ষ।" তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, "যখন আলোচনা চলছে, তখন বাংলাদেশ সরকার কেন ওই এলাকায় খনিজ অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলো?" তবে দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের আশাবাদ প্রকাশ করে ভারতের হাইকমিশনার বলেন, "এ নিয়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা নেই। আমরা সব সময়ই আলোচনার মধ্যে আছি।" উত্তেজনা সৃষ্টির জন্যই ভারত এটি করেছে কিনা এরকম এক প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন, " সে ইচ্ছা থাকলে আমরা অন্যকিছু করতে পারতাম।" পিনাক বলেন, " আমাদের আদৌ সে অভিপ্রায় নেই। আমি বিশ্বাস করি, শিগগিরই ওই এলাকা থেকে নৌবাহিনীর জাহাজসহ সব জাহাজ সরে যাবে।" পররাষ্ট্র সচিব তৌহিদ বলেন, "ভারতের হাইকমিশনারের মনোভাব ইতিবাচক মনে হয়েছে। আশা করছি, শিগগিরই জাহাজগুলো ওই এলাকা ছেড়ে যাবে।" তিনি জানান, শনিবারের বৈঠকের কথা পিনাক রঞ্জন তার দেশের সরকারকে জানাবেন বলে কথা দিয়েছেন। ঢাকার দাবি, ভারতীয় জাহাজগুলো যেখানে জরিপ কাজ চালাচ্ছে, তা ১৯৭৪ সালের সমুদ্রসীমা আইন অনুযায়ী বাংলাদেশের সীমানায় পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/এসকে/১৭৫৫ঘ.