ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতের তিনটি জাহাজ অনুপ্রবেশের ঘটনায় শনিবার সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বেলা পৌনে ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন।
ওদিকে শনিবারই পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "বাংলাদেশের জলসীমা থেকে ভারতের জাহাজ চলে যাওয়ার কোনো খবর আমরা পাইনি"
বৃহস্পতিবার সন্ধ্যার পর খনিজ অনুসন্ধান জরিপ শুরু করতে ভারতীয় জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে। রাতেই বাংলাদেশ নৌবাহিনী ভারতের ওই অনুপ্রবেশের প্রতিবাদ জানায়। তখন ভারতের জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ছেড়ে চলে গেলেও পরে আবার পূর্বের এলাকায় ফিরে আসে।
শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনী প্রতিবাদ জানানোর পর ভারতের জাহাজ তিনটি জলসীমা ছেড়ে চলে গেলেও তারা তাদের আগের অবস্থানে ফিরে এসেছে।
এতে বলা হয়, তিনটি ভারতীয় জাহাজ বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছিল। নৌবাহিনীর প্রতিবাদের পর তারা ফিরে গেলেও আবার অনুপ্রবেশ করে।
ঢাকার দাবি, ভারতীয় জাহাজগুলো যেখানে জরিপ কাজ চালায় তা ১৯৭৪ সালের সমুদ্রসীমা আইন অনুযায়ী বাংলাদেশের সীমানার ভেতরে অবস্থিত।
বিবৃতিতে বলা হয়, নৌবাহিনী আবারও ভারতের জাহাজগুলোকে বাংলাদেশের জলসীমা ছেড়ে চলে যেতে বললে তারা ভারতীয় জলসীমাতেই রয়েছে বলে দাবি করে।
বিবৃতিতে আরো বলা হয়, 'দুদেশের মধ্যে বিতর্কিত জলসীমা চিহ্নিতকরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের অনুসন্ধান বা উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।'
পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুত এ ব্যাপারে একটি কূটনৈতিক প্রতিবাদ জানানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/১২২৭ ঘ.
bdnews24