ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কাজ বাকি রেখে মেয়াদ শেষের কয়েকদিন আগেই দায়িত্ব ছেড়ে দিচ্ছে সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন)। অসম্পূর্ণ কাজ বুঝে নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান।
বুধবার ট্রুথ কমিশন কার্যালয়ে সাপ্তাহিক ব্রিফ্রিংয়ে চেয়ারম্যান এ তথ্য জানান।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, "আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ যথাসম্ভব শেষ করার চেষ্টা করব। এরপরও যেসব কাজ অসমাপ্ত থাকবে তা আইন মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে। এ জন্য গত ১৫ ডিসেম্বর একটি চিঠি দেওয়া হয়েছে।"
স্বেচ্ছায় অপরাধ স্বীকারের মাধ্যমে ক্ষমা গ্রহণের সুযোগ দিতে কমিশন গত ৩ আগস্ট থেকে ৫ মাসের জন্য কাজ শুরু করে। সেই হিসাবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মেয়াদ থাকলেও তার আগেই কমিশন দায়িত্ব বুঝিয়ে দিতে চায়।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, "এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে। বেশ কিছু মার্জনাপত্র এখনো বিতরণ করা হয়নি। রায় হওয়ার পরও ব্যাংক হিসাব জব্দ থাকায় দণ্ডিত কয়েকজন টাকা জমা দিতে পারেননি।"
বিচারপতি খান জানান, হাতে পাওয়া ৪৯১টি আবেদনের মধ্যে এ পর্যন্ত ৪৫১টির রায় হয়েছে। এছাড়া ১৭টি আবেদন দুর্নীতি দমন কমিশনে এবং ১৩টি গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির কাছে ফেরত পাঠানো হয়েছে।
চেয়ারম্যান জানান, দণ্ডিতদের এ পর্যন্ত ৩৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ২২৩ জন ২৫ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।
তিনি জানান, কমিশন ৩২০ জনকে মার্জনাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেও বুধবার পর্যন্ত ১৮০ জনকে তা দেওয়া সম্ভব হয়েছে। তবে ১২৫ জনের মার্জনাপত্র প্রস্তুত রয়েছে।
৩১ ডিসেম্বরের মধ্যে বাকিদের মার্জনাপত্র দেওয়া সম্ভব হবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চেয়ারম্যান।
তিনি বলেন, "স্বেচ্ছায় কমিশনে এসে সম্পদের বিবরণ দিয়ে অনুকম্পা চেয়েছেন এমন অনেকেই বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবার আবেদন করেছেন। কিন্তু বিষয়টি এখন আর বিবেচনা করার সুযোগ নেই। যেহেতু তারা আবেদন করেছেন, সেহেতু এর নিস্পত্তি হওয়া প্রয়োজন। কিন্তু এত অল্প সময়ে তা সম্ভব নয়।"
এ ধরনের বেশ কিছু সমস্যা রেখেই কমিশন ৩১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়কে দায়িত্ব বুঝিয়ে দেবে বলে উল্লেখ করেন কমিশন চেয়ারম্যান।
তিনি বলেন, "আইন মন্ত্রণালয়ের একজন উপ সচিবের নেতেৃত্বে কমিশনের সম্পদ বুঝে নেওয়ার জন্য কাজ চলছে।"
ট্রুথ কমিশনের অপর দুই সদস্য মনজুর রশিদ খান ও আসিফ আলী বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/২২২৬ঘ.
bdnews24