২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিধি বহির্ভূত নির্বাচনী ব্যয় কমেছে: টিআইবি

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অন্তত ১৪২ জন মনোনয়নপ্রার্থী বৈধ সময়ের আগেই প্রচারণা শুরু করে গড়ে ৩ লাখের বেশি টাকা ব্যয় করেছেন বলে এক জরিপ প্রতিবেদনে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অন্তত ১৪২ জন মনোনয়নপ্রার্থী বৈধ সময়ের আগেই প্রচারণা শুরু করে গড়ে ৩ লাখের বেশি টাকা ব্যয় করেছেন বলে এক জরিপ প্রতিবেদনে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে ২০০৭ সালের তুলনায় এবার বিধি বহির্ভুত ব্যয়ের পরিমাণ কমেছে বলে মত দিয়েছে বার্লিনভিত্তিক দুর্নীতি নজরদারি সংস্থাটি। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রধান রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনের তফসিল ঘোষণার দুই মাস আগেই বিভিন্ন কায়দায় প্রচারণা শুরু করেন। এভাবে বিধি ভেঙে প্রচারণা চালিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা গড়ে তিনলাখের বেশি টাকা খরচ করেছেন। আর জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশীরা খরচ করেছেন গড়ে দেড় থেকে দুই লাখ টাকা। টিআইবি'র গবেষক শাহজাদা এম আকরাম ও সাধন কুমার দাস জানান, দেশের ৪০টি সংসদীয় আসনের ওপর সমীক্ষা চালিয়ে তারা এসব তথ্য পেয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ, কোষাধ্যক্ষ এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, ওই ৪০টি আসনে ১৪২ জন প্রার্থী তফসিল ঘোষণার অন্তত দুই আগে থেকেই নানাভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি, ৫১ জন। এছাড়া বিএনপির ৪৪ জন, জাতীয় পার্টির ১২ জন, জামায়াতে ইসলামীর ৬ জন এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী একইভাবে আইন ভেঙেছেন। জরিপের তথ্য অনুযায়ী, গড় খরচের দিক দিয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। তারা প্রত্যেকে গড়ে ৩ লাখ ৮৯ হাজার টাকা করে খরচ করেছেন। আর আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থীদের গড় ব্যয় ৩ লাখ ৯ হাজার টাকা। প্রার্থীর নাম প্রকাশ না করে টিআইবি জানায়, একজন স্বতন্ত্র প্রার্থী একাই ৩৮ লাখ ৫০ হাজার টাকা নির্বাচনী প্রচারে ব্যয় করেছেন। ওই ৪০ আসনের প্রার্থীরা বিধি বহিভূর্তভাবে মোট ৪ কোটি ৩২ লাখ ২৭ হাজার টাকা খরচ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টিআইবি। অধ্যাপক মোজাফফর আহমেদ অনুষ্ঠানে বলেন, "মনোনয়ন পেতে ও নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনায় এই প্রার্থীরা আগে থেকেই খরচ করতে শুরু করেন। কিন্তু এটা নির্বাচনী বিধির পরিপন্থী। প্রার্থীরা নানা কৌশলী নির্বাচন কমিশনকে ফাঁকি দিয়ে এই খরচ করছে। এমনকি ঈদের সময় দান অনুদানের নামেও অর্থ ব্যয় করা হয়েছে।" তবে নির্বাচনী বিধির কড়াকড়ির কারণে এ বছর মনোনয়ন পাওয়ার আগেই ব্যয়ের পরিমাণ গত বছরের তুলনায় কমেছে বলে উল্লেখ করেন তিনি। ২০০৭ সালে চালানো জরিপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই বছর ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনের আগে ১২২ জন প্রার্থী গড়ে ১৫ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছেন। এর মধ্যে বিএনপির প্রার্থীরা ব্যয় করেছেন গড়ে ১৭ লাখ ৫১ হাজার টাকা করে। আর আওয়ামী লীগের প্রার্থীদের গড় ব্যয় ছিল ১৩ লাখ ৯৫ হাজার টাকা। মোজাফফর আহমেদ বলেন, "নিয়ম না থাকলেও দেখা যায়, সাংসদরা নির্বাচিত হওয়ার পর থেকেই পরবর্তী নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেন। সরকারি দলে থাকলে ক্ষমতার প্রভাব খাটিয়ে, বিরোধী দলে থাকলে নানাভাবে তদবির করে তারা এ কাজ করেন। এ জন্য তাদের একটি নিজস্ব তহবিল থাকে। কিন্তু এর কোনো নিরীক্ষা হয় না। ফলে ইচ্ছামত তারা এই টাকা খরচ করেন।" নির্বাচন কমিশনকে শক্তিশালী করায় এবার 'প্রাক নির্বাচনী ব্যয়' কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে কমিশনের বিধিনিষেধের কারণে প্রার্থীরা এবার নানা গোপন কৌশল নিয়েছে বলে জানান মোজাফফর আহমেদ। তিনি বলেন, "দেখা গেছে, প্রার্থীরা অনেক এলাকায় কিছু বাকির দোকান খুলে রেখেছেন। সেখান থেকে ভোটাররা খেয়ে গেলে প্রার্থীর নামে লিখে রাখা হয়। এ ধরনের কৌশল বন্ধ করা প্রয়োজন।" এম হাফিজউদ্দিন খান বলেন, "আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে প্রার্থী মনোনয়ন হয়নি। যাদের বিরুদ্ধে মামলা আছে, দুর্নীতির অভিযোগ আছে, বিচার চলছে, তারাও নির্বাচনে দাঁড়িয়েছেন। এটা দুঃখজনক। তবে ৪০টি আসনের জরিপ থেকে একটা জিনিস বোঝা যায়, নির্বাচন কমিশনের পদক্ষেপ ইতিবাচক ফল দিয়েছে। বিগত নির্বাচনগুলোর তুলনায় 'অপ্রকাশ্য ব্যয়' অনেক কমে এসেছে।" প্রার্থীদের বিধি-বহির্ভূত ব্যয় বন্ধে কিছু সুপারিশও করেছে টিআইবি। আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা, যারা তফসিল ঘোষণার আগেই প্রচারণা চালাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, গণমাধ্যমে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব তুলে ধরা, বিধি লঙ্ঘনের বিরুদ্ধে সুশীল সমাজের পক্ষ থেকে সোচ্চার হওয়া এবং গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে প্রার্থীদের বিধি বহির্ভূত ব্যয়ের প্রবণতা কমিয়ে আনা যায় বলে প্রতিবেদনে মত দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/জেকে/এসকে/২০৫২ঘ.