২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য

বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার। তবে সাজাপ্রাপ্ত মুফতি হান্নানের মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতা করেছে তারা। ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবে যুক্তরাজ্যে 'ক্যাপিটাল পানিশমেন্ট' বা মৃত্যুদণ্ড নিষিদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার। তবে সাজাপ্রাপ্ত মুফতি হান্নানের মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতা করেছে তারা। ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবে যুক্তরাজ্যে 'ক্যাপিটাল পানিশমেন্ট' বা মৃত্যুদণ্ড নিষিদ্ধ। মঙ্গলবার এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিবৃতিতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র বলেন, "আমরাও অবশেষে মামলার চূড়ান্ত রায় হওয়ায় সন্তুষ্ট। সহিংসতা, সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে যারা লাভবান হতে চায় তাদের প্রতিরোধ করতে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করে যাবে। বাংলাদেশসহ সারাবিশ্বে চরমপন্থীদের দমন করতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।" তবে মৃত্যুদণ্ডের ব্যাপারে যুক্তরাজ্যের নীতি অনুযায়ী হাইকমিশনের মুখপাত্র মুফতি হান্নানের মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। বিবৃতিতে তিনি বলেন, "মৃত্যুদণ্ডের ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিস্কার: যেকোনো পরিস্থিতিতে আমরা এর বিরোধিতা করি।" এর আগে মঙ্গলবার দুপুরে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) এর শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া আরও দুই জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীম মো. আফজাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। প্রায় সাড়ে চার বছর পর এ গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হল। বাংলাদেশে কর্মরত অবস্থায় ২০০৪ সালের ২১ মে আনোয়ার চৌধুরী হযরত শাহ্জালাল (রহ.) এর মাজার জিয়ারত করে বের হওয়ার সময় মাজার প্রাঙ্গনে জঙ্গীদের গ্রেনেড হামলার শিকার হন। হামলায় পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী ও তখনকার সিলেট জেলা প্রশাসক আবুল হোসেনসহ অর্ধশতাধিক লোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২১২২ঘ.