২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির সাবেক সাংসদ লালু জামিনে মুক্ত

বগুড়ার-৭ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু সোমবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বগুড়া, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার-৭ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু সোমবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। কারাধ্যক্ষ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার সর্বশেষ একটি চাঁদাবাজি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান হেলালুজ্জামান তালুকদার লালু। ওই জামিনের কাগজপত্র হাতে আসার পর তাকে আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টায় মুক্তি দেওয়া হয়। গত বছর ১৩ ফেব্র"য়ারি লালুকে বগুড়া শহরের তার নিজের বাসা চম্পামহল থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছিল। কারাধ্যক্ষ জানান, হেলালুজ্জানের বিরুদ্ধে অবৈধ ওয়ারলেস টাওয়ার নির্মাণ, অবৈধ সম্পদ অর্জন, ত্রাণ আত্মসাৎ, রাজস্ব ফাঁকি, হত্যা, চাঁদাবাজিসহ ১১টি মামলা ছিল। এর মধ্যে ত্রাণ আত্মসাৎ মামলায় এক বছর, অবৈধ সম্পদ অর্জন মামলায় সাত বছর এবং ওয়ারলেস টাওয়ার নির্মাণ মামলায় পাঁচ বছর কারাদণ্ড হয়েছে। এই তিনটি মামলার রায় হাইকোর্ট স্থগিত ঘোষণা করে তাকে জামিন দেয় আদালত। অপর সাতটি মামলায় তিনি আগে থেকে জামিনে পেয়েছেন। মুক্তি পাওয়ার পর জেল গেটে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। পরে জেলা বিএনপি কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। জেলা সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালু বলেন, "খালেদা জিয়া, তারেক রহমান, মন্ত্রী, এমপি ও তাদের স্ত্রী-পুত্রদের বন্দি করে বিএনপির রাজনীতি শেষ করতে চেয়েছিল। এখন সময় এসেছে- ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।" সমাবেশ শেষে তিনি স্ত্রী সামছুন্নাহার জামান, ছেলে জয় ও বিজয়কে নিয়ে বাসার উদ্দেশে চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০২ ঘ.