২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম কমেছে

সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। সোমবার রাত ১২টা থেকেই হ্রাসকৃত মূল্য কার্যকর হবে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪৮ টাকা থেকে কমিয়ে ৪৬ টাকা করা হয়েছে। পেট্রোল ৭৮ টাকা থেকে কমিয়ে ৭৪ এবং অকটেনের দাম ৮০ থেকে কমিয়ে ৭৭ টাকা করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। সোমবার রাত ১২টা থেকেই হ্রাসকৃত মূল্য কার্যকর হবে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪৮ টাকা থেকে কমিয়ে ৪৬ টাকা করা হয়েছে। পেট্রোল ৭৮ টাকা থেকে কমিয়ে ৭৪ এবং অকটেনের দাম ৮০ থেকে কমিয়ে ৭৭ টাকা করা হয়েছে। এই হিসাবে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ। আর পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ৫ দশমিক ১৩ শতাংশ ও ৩ দশমিক ৭৫ শতাংশ কমেছে। সোমবার বিকেলে জ্বালানি মন্ত্রণালয় দাম কমানোর এ ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর কিছু সময় আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম তামিমও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তেলের দাম কমানোর ঘোষণা আসার কথা জানান। জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪৮ টাকা থেকে কমিয়ে ৪৬ টাকা স্থির করা হয়েছে। এছাড়া অকটেনের দাম ৮০ থেকে কমিয়ে ৭৭ এবং পেট্রোলের ৭৮ থেকে কমিয়ে ৭৪ টাকা করা হয়েছে। এ ব্যবস্থাকে একটি অন্তর্র্বতীকালীন মূল্য সমন্বয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী জানুয়ারি মাসের শেষে আবারো মূল্য পর্যালোচনা করা হবে। জ্বালানি তেলের দাম কমার ফলে গাড়ি ভাড়া সমানুপাতিক হারে কমবে বলে আশা করছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে পড়তে থাকায় সরকার আরেকদফা দাম কমানোর ঘোষণা দিল। সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৪৩ দশমিক ৯১ ডলারে বিক্রি হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৭ সালের এপ্রিল ও ২০০৮ সালের ৩০ জুন দুইদফা জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গত ২৬ অক্টোবর প্রথম দফা দাম কমায়। সেসময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৮ টাকা করা হয়। এছাড়া অকটেনের দাম ৮০ এবং পেট্রোলের ক্ষেত্রে ৭৮ টাকা নির্ধারিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রথমে খবরটি দেওয়ার সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তামিম পেট্রোলের দাম ৩ টাকা কমার কথা বলেছিলেন। এর ভিত্তিতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 'ব্রেকিং নিউজ' দিয়েছিল। এদিকে, তেলের দাম লিটারপ্রতি দুই থেকে চার টাকা কমানোর বিষয়টিকে নাগরিকদের সঙ্গে সরকারের 'তামাশা' বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষের অনেকেই। সোমবার বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসে ফোন করে তাদের ক্ষোভের কথা জানান। তারা অভিযোগ করেন, এই মূল্যহ্রাস আন্তর্জাতিক বাজারের হ্রাসের তুলনায় কম এবং দ্রব্যমূল্যের ওপর তা তেমন প্রভাব ফেলবে না। দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদা হচ্ছে প্রায় ৪০ লাখ মেট্রিক টন। ২০০৮-২০০৯ সালের সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮ লাখ মেট্রিক টন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসটি/এমকে/এএল/এসকে/১৯৩৯ঘ.